সাফাই গাইতে হবে নেইমারকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বদলে বার্সেলোনায় যোগ দিয়েছেন আড়াই বছর হলো, কিন্তু নেইমারকে সেই দলবদলের জের টানতে হচ্ছে এখনো। ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএসের করা প্রতারণার অভিযোগ থেকে মুক্তি মিলছে না তাঁর। স্পেনের আদালত এই ব্রাজিলিয়ান তারকাকে সেই মামলার শুনানিতে সাক্ষ্য দিতে ডেকেছে। আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করতে হবে বার্সা ফরোয়ার্ডকে।
নেইমারের সাবেক ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি অনুযায়ী দলবদলের বাজারে নেইমারের মূল্যের ৪০ ভাগের মালিক ডিআইএস। প্রথমে জানানো হয়েছিল সান্তোস থেকে নেইমারকে কেনার সময় ১৭.১ মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা। ডিআইএসকে ওই অর্থের ভাগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে জানা যায়, নেইমারকে আনতে আসলে ৫৭.১ মিলিয়ন খরচ হয়েছে। এর ৪০ মিলিয়ন নেইমারের বাবার প্রতিষ্ঠান এন অ্যান্ড এনকে দেওয়া হয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের পর জানা গেল, বার্সা দিয়েছে মোট ৮৩.৩ মিলিয়ন। ডিআইএসের আপত্তির জায়গা ওটাই, দলবদলের আসল অঙ্কটা গোপন করে তাঁদের ঠকানো হয়েছে।
সেই মামলার শুনানিতেই গতকাল বার্সার সভাপতি হোসে বার্তোমেউকে সাক্ষ্য দিতে ডেকে পাঠানো হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আজ যেতে হবে নেইমারকেও।
এই ‘রহস্যঘেরা’ দলবদল নিয়েই স্পেনে একটি কর ফাঁকির মামলাও চলছে। বার্সেলোনা ও নেইমারের বিরুদ্ধে অভিযোগ, দলবদলের এই লুকোছাপার মাধ্যমে ১২.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে। কর ফাঁকির সঙ্গে জড়িত সবাইকেই আনা হচ্ছে মামলার আওতায়। যেখানে বার্সেলোনার সভাপতি বার্তোমেউর বিরুদ্ধে দুই বছর তিন মাস এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড, সঙ্গে বার্সেলোনাকে ২২.২ মিলিয়ন জরিমানা চেয়েছেন কৌঁসুলিরা। পরবর্তী সময়ে শুনানিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা, যদিও সেটির তারিখ নির্ধারিত হয়নি।
এসব ঝামেলার মধ্যেই আরেকটি দুঃসংবাদ শুনতে হলো নেইমারকে। সান্তোসে যোগ দেওয়ার আগেই নাকি কর ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! কর ফাঁকির ওই মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে নেইমারকে। তবে নেইমার কর ফাঁকি দেননি বলেই দাবি করেছেন, ‘আমি নিজের ব্যাপারে জানি। আমরা কর ফাঁকি দিয়েছি এ ধরনের ফালতু কথা বলার আগে সেটা প্রমাণ করে দেখাতে হবে।’
বার্সেলোনা ফরোয়ার্ডের আর্থিক বিষয়টি দেখেন তাঁর বাবা নেইমার সিনিয়র। নেইমার যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে অভিযোগের তির তাঁর বাবার দিকেই যায়। নেইমার তাঁর বাবার পাশেই আছেন, ‘আমি যাতে খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারি, সে চেষ্টাই করেন আমার বাবা। তিনিই আর্থিক বিষয়গুলো দেখেন। কিন্তু যখন দেখবেন আপনার কাছের মানুষকে ভুগতে হচ্ছে, তখন সেটা পীড়া দেয়।’ এএফপি।