সাফে অনিশ্চিত এমিলি
২০০৫ করাচি সাফ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে তাঁর যাত্রা শুরু। সেই জাহিদ হাসান এমিলি এখন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তবে তাঁর অভিজ্ঞতা এবারের সাফে বাংলাদেশ পাবে কি না নিশ্চিত নয়। পেটের টিউমার অপসারণের পর দলে ফিরে কোচ মারুফের অধীনে ঢাকায় দুই দিন অনুশীলনের প্রথম দিনেই হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই থেকেই এমিলি বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে থাকলেও গতকাল পর্যন্ত অনুশীলন করতে পারেননি।
কোচ মারুফুল হক তাই এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন। কাল বিকেএসপি থেকে বলছিলেন, ‘এমিলি এখনো ফিট নয়। ওর ব্যাপারে সংশয়ে আছি।’ এমিলির দলে থাকার ব্যাপারটা ফিজিওর ওপরই ছেড়ে দিয়েছেন মারুফ, ‘ফিজিও ঢাকা গেছে, বিকেএসপিতে ফিরলেই তার রিপোর্টের ভিক্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত।’
ফিজিও আশা দিয়েছেন বলেই জানা গেছে। তারপরও ২৩ ডিসেম্বর থেকে শুরু সাফ ফুটবলে এই স্ট্রাইকারকে পাওয়া যাবে কি না সেই সংশয় থাকছেই।