সাফে কোচ নেই কেবল বাংলাদেশেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের সাফের ড্রয়ের অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি বাফুফে
আজকের সাফের ড্রয়ের অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি বাফুফে

গ্রুপিং ও সূচি চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে সাফ ফুটবলের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়ে গেল আজ। সেপ্টেম্বরে ঢাকাতেই বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই আসর। এমন একটা টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে প্রতিদ্বন্দ্বী সব দেশই। প্রায় সব দেশই কোনো না কোনো বিদেশি কোচের অধীনে থাকলেও একমাত্র বাংলাদেশেরই কোচের পদ শূন্য। কিছুদিন আগে অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ওর্ড চলে যাওয়ার পর এখনো কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, আগামী সাত থেকে দশদিনের মধ্যেই জাতীয় দলের নতুন কোচের নাম চূড়ান্ত হবে।

এপ্রিলের শুরুতেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন ওর্ড। তাঁর বাংলাদেশ ছাড়ার বিষয়টি আরও আগে থেকেই জানত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অস্ট্রেলীয় কোচের দাবি ছিল বাড়তি বেতন ও সুযোগ-সুবিধার। বাফুফে তাতে রাজি হলে জুনে নতুন চুক্তি করতেন তিনি। কিন্তু ফেডারেশন ওর্ডের দাবি মেনে নেয়নি। সে কারণেই থাইল্যান্ডের একটি ক্লাবে যোগ দিয়েছেন। প্রশ্ন উঠছে, সাফ ফুটবলকে সামনে রেখে ওর্ডকে কী ধরে রাখা যেত না?
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন উত্তরটা দিয়েছেন একটু অন্যভাবে, ‘পৃথিবীটা অনেক বড়। একজন যাবে, আরেকজন আসবে।’ সালাউদ্দিনের কণ্ঠই ইঙ্গিত মিলল, বেতন-ভাতায় সন্তুষ্ট হতে পারছিলেন না ওর্ড। তাই চলে গেছেন।
কাজী সালাউদ্দিন দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনেরও সভাপতি। তিনি এই পদে আসার পর টানা তিন আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে ঘরের মাঠে আসন্ন সাফকে লক্ষ্য করে বড় পরিকল্পনা ঘোষণা করেছিল বাফুফে। সে অনুযায়ী জাতীয় দল কাতারে দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করে। লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আগে থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে দল। প্রায় ১৭ মাস পরে মাঠে নেমে ২-০ গোলে পিছিয়ে গিয়ে ২-২ গোলে ড্র করে লাল-সবুজ জার্সিধারীরা বুঝিয়ে দিয়েছিল, তারা সঠিক পথেই আছে। কিন্তু লাওস থেকে ফিরে আর খবর নেই জাতীয় দলের।
স্বাগতিক বাংলাদেশের ডাগ আউটে কে দাঁড়াবে তা এখনো চূড়ান্ত না হলেও সাফে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য তিন দল আটঘাট বেঁধে মাঠে নেমে গিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা পাকিস্তান গত সপ্তাহেই নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান কোচ জোস অ্যান্তোনিওকে। নেপালে তিন বছর ধরে আছেন জাপানি কোচ কোজি গোয়িটুকু। ভুটান সম্প্রতি নিয়োগ দিয়েছেন কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের সাবেক ব্রিটিশ কোচ ট্রেভর মরগ্যানকে।
সাত দিনের মধ্যে নতুন কোচ চূড়ান্ত হলেও জাতীয় দলকে আবারও নতুন করেই শুরু করতে হবে। সমস্যা এটিই। সমস্যা উতরে জাতীয় দল সাফে কেমন করবে—সেই প্রশ্ন তোলা থাকছে সময়ের হাতেই।