সাফে খেলা হচ্ছে না এলিটার

সাফে বাংলাদেশের জার্সি পরা হচ্ছে না এলিটারছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের ২৭ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছিল এলিটা কিংসলিকে। কিন্তু তাঁর মূল দলে থাকা নির্ভর করছিল এএফসির ছাড়পত্রের ওপর। সে বিষয়ে আজ এএফসির সঙ্গে সভা করেছে বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র না মেলায় সাফের মূল দলে নেই বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিংসলির। মার্চে কিংসলি নাগরিকত্ব পাওয়ার পর এখনো এএফসির ছাড়পত্র আদায় করতে না পারাটা বাফুফের জন্য ব্যর্থতাই বটে।

বাংলাদেশ দলের অনুশীলনে আজ কোচ ব্রুজোনের সঙ্গে কিংসলি
ছবি: শামসুল হক

২৭ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন, মোহামেডানের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জমান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার মেহেদী হাসান। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। আগামীকাল মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

আগামীকাল মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশ যথাক্রমে খেলবে ভারত, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

২৩ সদস্যের চূড়ান্ত দল:

গোলকিপার: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, তারিক রায়হান, রেজাউল করিম ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয় ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম ও জুয়েল রানা।