জাতীয় দলের দায়িত্ব নিতে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে এসেছেন। তবে জাতীয় দলের কোচ হলেও অ্যান্ড্রু ওর্ডের প্রথম অভিযান শুরু হচ্ছে আগামী ১৯-২৩ জুলাইয়ের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব দিয়ে। যদিও এই প্রতিযোগিতা নিয়ে ওর্ডের বড় কোনো প্রত্যাশা নেই। তাঁর একমাত্র লক্ষ্য আগামী সাফ চ্যাম্পিয়নশিপ, ‘আমার এক চোখ বর্তমানে, আরেক চোখ ভবিষ্যতে। এই টুর্নামেন্ট নিয়ে তাই আমার তেমন প্রত্যাশা নেই। আমার লক্ষ্যই একটা, ভালো জাতীয় দল গড়া। সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ফুটবলার তৈরি করা। সাফের জন্যই এখানে পুরো জাতি অপেক্ষায় থাকে।’ এ বছর ডিসেম্বরে নির্ধারিত সাফ ফুটবল পিছিয়ে চলে গেছে মে মাসে। বঙ্গবন্ধু গোল্ডকাপও সম্ভবত হবে আগামী ডিসেম্বরে।
জাতীয় দলের কোচ হলেও ওর্ডের কাজের পরিধিটা বেশ বড়ই, ‘প্রেসিডেন্ট আমাকে তরুণ খেলোয়াড় খুঁজে দেখার দায়িত্ব দিয়েছেন। তাঁকে কথা দিয়েছি তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে আনব। তাই অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হয়েছি। এখানে কিছু তরুণ খেলোয়াড় পরখ করে দেখতে চাই। আমি বর্তমান নিয়ে ভাবছি না। যত দিন এখানে থাকব, এমন ফুটবলার খুঁজে পাব নিশ্চিত। তরুণদের সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করব, এমনটাই বলেছি প্রেসিডেন্টকে।’
মাত্র এক মাসের অনুশীলনে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফিলিস্তিন যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এর মাঝে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও বয়সভিত্তিক দলের সব ফুটবলারকে এখন পর্যন্ত হাতে পাননি এই অস্ট্রেলিয়ান। জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস জ্বরে ভুগছেন। রুবেল মিয়া ফেডারেশন কাপে চোট পেয়েছেন। ক্যাম্পে রিপোর্ট করলেও সেরে উঠে দলের অনুশীলনে যোগ দিতে আরও চার-পাঁচ দিন লাগতে পারে তাঁর। ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েও বাবা অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে ডিফেন্ডার মনসুর আমিন ফিরে গেছেন বাড়িতে। কাল বাফুফে ভবনে কোচকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে ৩৬ সদস্যের প্রাথমিক দলের নাম ঘোষণা করেছেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। এই দল নিয়ে আজ থেকে বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প।
ফুটবলারদের ঝালিয়ে দেখার খুব একটা সুযোগ পাননি ওর্ড। ঢাকায় এসে শুধু ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি দেখেছেন। অন্যদের নাম জানলেও কে কেমন খেলেন, সে ব্যাপারে মোটেও ধারণা নেই কোচের। আক্রমণভাগে ভালো মানের ফুটবলার নেই বলে একটু বেশিই উদ্বিগ্ন ওর্ড। উদ্বিগ্ন ফুটবলারদের ফিটনেস নিয়েও, ‘ট্রায়ালে ফুটবলারদের ফিটনেসের দুর্বলতা দেখে অবাক হয়েছি। তাদের নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে।’