সাফে জুটি বাঁধছেন সালাউদ্দিন-হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলবার্তো কোলাসো পদত্যাগ করেছেন। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) তাই একজন নতুন সাধারণ সম্পাদক চাই। সব ঠিকঠাক এগোলে এই পদে আসছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। যার অর্থ, সাফের সভাপতি-সাধারণ সম্পাদক দুজনই হবেন বাংলাদেশের। এটিকে কাজে লাগিয়ে সাফ সচিবালয়ও ঢাকায় হচ্ছে।
২০০৯ সালে সাফ সভাপতি হয়েছিলেন কাজী সালাউদ্দিন। চলতি বছরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত তিনি। শুরু থেকেই সাফের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। সালাউদ্দিন-কোলাসো জুটি সাফকে একটু হলেও সক্রিয় করে তুলতে পেরেছেন।
তবে হঠাৎই ছন্দপতন। ফিফা তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে কোলাসোকে। ফিফার একটা সদস্যপদে নির্বাচনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের কাছ থেকে কোলাসো অনৈতিকভাবে টাকা নিয়েছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে ফিফা। সেটির জেরে কোলাসো ফুটবলের সব কর্মকাণ্ড থেকে বহিষ্কৃত হয়ে সাফ ছাড়তেও বাধ্য হয়েছেন।
শূন্যস্থানে আনোয়ারুল হককে নিয়োগ দিতে সাফ দেশগুলোর সম্মতি নিচ্ছেন সালাউদ্দিন। গতকাল যোগাযোগ করে ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কার ইতিবাচক সাড়া পেয়ে গেছেন। বাকি দেশগুলোও ‘না’ করবে না বলে তাঁর বিশ্বাস।
গতকালই আনোয়ারুল হককে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়ে এ ব্যাপারে কথা বলেছেন সালাউদ্দিন। আনোয়ারুল হক পরে বললেন, ‘সব দেশ সম্মতি দিলে এটা হতে পারে। দায়িত্বটা সার্বক্ষণিক নয়, এটাই আমার জন্য সুবিধা।’ পরিকল্পনা অনুযায়ী বাফুফে ভবনেই বসবেন সাফ সম্পাদক। এই পদের জন্য সাফের মাসিক সম্মানী বরাদ্দ ২ হাজার ডলার। সভাপতির বিশ্বাস, ‘এই পরিবর্তনে সাফের কাজে গতি আসবে।’
সালাউদ্দিন-কোলাসো জুটির আগে সাফের সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশে সিরাজুল ইসলাম বাচ্চু। অনেকেই তখন সাফকে ‘ব্রিফকেস’ সংগঠন বলতেন। সেটি এখন আর না বললেও সাফ আজও সুদৃঢ় কাঠামো পায়নি। তাই প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপটা আজও আলোর মুখ দেখল না। স্পনসরের অভাবই নাকি এর বড় কারণ। সালাউদ্দিন-হেলাল জুটি বেঁধে এবার যদি স্পনসর সমস্যা দূর করে ক্লাব চ্যাম্পিয়নশিপটা করতে পারেন, সেটিই হবে এই পরিবর্তনের বড় সুফল।