সাফে নতুন জার্সি জামাল–তপুদের
বেশ কয়েক বছর ধরেই একই নকশার জার্সি পরে খেলে আসছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বদল আসছে সেই জার্সিতে। মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে নতুন জার্সিতে মাঠে নামবেন জামাল ভূঁইয়া, তপু বর্মণরা। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে এটি জানিয়েছে। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। এরই মধ্যে মালে পৌঁছে গেছে বাংলাদেশ দল।
সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে জাতীয় দলের জন্য জার্সি-নকশা প্রতিযোগিতার আয়োজন করেছিল বাফুফে। সেখান থেকে সবুজ রঙের হোম জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে সুব্রত দাসের নকশা করা জার্সিটি। লাল অ্যাওয়ে জার্সিটি নকশা করেছেন স্বপন আহমেদ। ২০১৫ সাল থেকে একই নকশার জার্সি পরে খেলে আসছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে হিসেবে ৬ বছর পর আসছে তাতে বদল।
১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ৪,৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দেখা যাক নতুন জার্সি জাতীয় ফুটবল দলের ভাগ্যে কোনো বদল আনতে পারে কিনা!