সাফে নেই সানজিদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে আলো ছড়িয়েছে কিশোরী সানজিদা আক্তার। চার ম্যাচে ৪টি গোল করে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হয়েছে ময়মনসিংহের মেয়ে। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাবে সানজিদা, এটা অনেকটা অনুমিতই ছিল। জাপানি কোচ নরিও সুকিতাতে চূড়ান্ত ২০ জনের তালিকায় সবার ওপরেই রেখেছিলেন এই ফরোয়ার্ডের নাম। কিন্তু আপত্তিটা এসেছে সানজিদার পরিবার থেকেই। কাল সানজিদার বাবা-মা ক্যাম্প থেকে তাকে একরকম জোর করেই বাড়িতে নিয়ে গেছেন। আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে সানজিদার জেএসসি পরীক্ষা। সানজিদার বাবা-মায়ের কাছে মেয়ের খেলার চেয়ে পরীক্ষাটাই গুরুত্ব পেয়েছে বেশি।
সানজিদা না খেললেও অনূর্ধ্ব-১৬ দল থেকে জাতীয় দলে ডাক পেয়েছে ডিফেন্ডার খাদিজা আক্তার (সীমা), মাসুরা পারভীন, মিডফিল্ডার মিসরাত জাহান (মৌসুমী), কৃষ্ণা সরকার, ফরোয়ার্ড বিপাশা মালি ও লিপি আক্তার।
বাংলাদেশ মহিলা দল: সাবিনা (গোলরক্ষক), তৃষ্ণা, মিরোনা, সুই নু প্রু, খাদিজা, নুবাই, মৌসুমী, মাইনু, কৃষ্ণা, সাবিনা, বিপাশা, রওশন আরা, মাসুরা, মুনমুন, অংম্রা, খালেদা, বেলি, লিপি, সুরভি, বিথি।