সাফে পরীক্ষা-নিরীক্ষা চান না এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ অক্টোবর কিরগিজস্তানের সঙ্গে খেলা। এরপর তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফিরতি ম্যাচ। আপাতত এই তিনটি ম্যাচের জন্যই দল তৈরি করছেন কোচ ফাবিও লোপেজ। তবে চূড়ান্ত লক্ষ্য আসলে ডিসেম্বরে সাফ টুর্নামেন্ট। গত দুবার যে টুর্নামেন্টের গ্রুপ থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। দলে বেশি পরীক্ষা-নিরীক্ষাই বিপদ ডেকে এনেছিল বলছেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল জাতীয় দলের অনুশীলনের পর এমিলি কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। তাতে দলের প্রস্তুতি, নতুন কোচ ইত্যাদি প্রসঙ্গের এক ফাঁকে এল সাফ টুর্নামেন্ট। ২০০৫ থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য এমিলি পাঁচটি সাফ খেলার অভিজ্ঞতায় বললেন, ‘সাফ এমন একটি টুর্নামেন্ট, যেখানে কেউই বলতে পারবে না যে আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের গ্রুপটা কঠিন, এই টুর্নামেন্টটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলব, সাফ নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। গতবার বেশি নাড়াচাড়ার কারণেই আমাদের ফল ভালো হয়নি।’
নতুন কোচ অবশ্য আগেই জানিয়ে রেখেছেন, নাম দেখে কোনো খেলোয়াড়কে দলে নেবেন না। পারফরম্যান্সই তাঁর কাছে সবকিছুর আগে। তাই সাফের দলটা শেষ পর্যন্ত কী হবে, বলা কঠিন। তবে আপাতত কোচ খেলোয়াড়দের মনোবল বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। এমিলি সেটিই বললেন, ‘তিনি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছেন যেন সবাই সেরাটা দিতে পারে। মাঠে নামার আগেই হার নয়, এটিও বলে দিয়েছেন সবাইকে।