সাফের আগে ভারতীয় ফুটবলে দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল ছেত্রী এখনো যোগ দেননি ভারতীয় জাতীয় দলের ক্যাম্পে। ছবি: এএফপি।
সুনীল ছেত্রী এখনো যোগ দেননি ভারতীয় জাতীয় দলের ক্যাম্পে। ছবি: এএফপি।

ক্লাব আর জাতীয় দলের চিরন্তন দ্বন্দ্বের চক্রে পড়েছে ভারতীয় ফুটবল। আই লিগের অন্যতম সেরা দল বেঙ্গালুরু এফসির অনুমতি না পাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে জাতীয় ক্যাম্পে যোগ দিতে পারছেন না ভারতীয় দলের ৯ শীর্ষ ফুটবলার। গতকাল বুধবার থেকে কোচিতে শুরু হয়েছে সাফ ফুটবলের জন্য ভারতীয় দলের ক্যাম্প।
শীর্ষ এই ফুটবলারদের মধ্যে আছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। আছেন রবিন সিং, রিনো অ্যান্টোদের মতো ফুটবলাররা। জানা গেছে, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আই লিগের জন্যই এই ৯ ফুটবলারকে ক্যাম্পে এখনই যোগ দিতে বারণ করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে খেলে ক্লান্ত ফুটবলারদের আই লিগের আগে বিশ্রাম-টিশ্রাম নিয়ে ঝরঝরে হয়ে উঠতে দেখতে চায় ক্লাবটি।
বেঙ্গালুরু এফসির এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ ভারতীয় দলের ব্রিটিশ কোচ স্টিভেন কনস্টেনটাইন এ ব্যাপারে নাকি সরাসরি ছেত্রীর সঙ্গে কথা বলেছেন। ছেত্রী কোচকে সাফ জানিয়ে দিয়েছেন, ক্লাবের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা তাঁর নেই।
বেঙ্গালুরু এফসি অবশ্য বলেছে, ফিফার নিয়মানুযায়ী তারা জাতীয় দলের ম্যাচের তিন দিন আগে খেলোয়াড়দের ছাড়বে। কিন্তু সঠিক প্রস্তুতির জন্য বেঙ্গালুরু এফসির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতীয় দলের কোচ।
আগামী ২৩ ডিসেম্বর থেকে কেরালার ত্রিবান্দ্রামে শুরু হচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা—সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার অন্যান্য দল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতে আয়োজিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। বিশ্বকাপ বাছাইপর্বসহ সম্প্রতি নানা ব্যর্থতায় এবারের সাফ ফুটবলকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আফগানিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে।
সাফ ফুটবলে সর্বোচ্চ ৬ বার শিরোপা জয়ের গৌরবের অধিকারী ভারত।