সাফের ফাইনালে আফগানিস্তান-ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাফের মতোই ফাইনালের মঞ্চে দাঁড়াল আফগানিস্তান ও ভারত। ত্রিবান্দ্রামে কাল সাফের প্রথম সেমিফাইনালে ভারত মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষায় ছিল। ঘণ্টা তিনেক পরই ফাইনালে পা ফেলে আফগানিস্তান।
ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড স্টেডিয়াম প্রথম সেমিফাইনাল যতটা জমজমাট লড়াই দেখেছে, ঠিক ততটাই একপেশে লড়াইয়ের সাক্ষী দ্বিতীয় সেমিফাইনালে। শেষ চারের প্রথম লড়াইয়ে ভারত ৩-২ গোলে হারায় মালদ্বীপকে। অন্য সেমিফাইনালে আফগানিস্তান ৫-০ গোলে বিধ্বস্ত করে শ্রীলঙ্কাকে। ৩ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই পরাশক্তি আফগানিস্তান ও ভারত।
পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল দেওয়া শ্রীলঙ্কা কাল আফগানিস্তানকে আটকে রাখে প্রথম ৪৫ মিনিট। প্রথমার্ধ শেষ হওয়ার মুহূর্তে গোল উৎসব শুরু করে আফগানরা। মোহাম্মদ হাসেমির গোলে প্রথমে এগিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয়ার্ধে যেন শ্রীলঙ্কানদের ফুটবল শেখাল যুদ্ধবিধ্বস্ত দেশটি। ৫০ মিনিটে কানিসকার তাহের করেন দ্বিতীয় গোল। ৫৬ মিনিটে ৩-০ করেন খাইবার আমিনি। ৮৮ মিনিটে আহমাদ হাতিফি চতুর্থ গোলের পরও আফগানিস্তানের গোলক্ষুধা যেন মেটেনি। এক মিনিট পরই পঞ্চম গোলটি করেন ফয়সাল শায়েস্তে।
মালদ্বীপের বিপক্ষে ভারত ২৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল সুনীল ছেত্রীর গোলে। ৩৪ মিনিটে জেজে লালপেখুয়া ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। ৪৭ মিনিটে নাশিদ আহমেদ একটি গোল শোধ করেন। তবে ৬৬ মিনিটে লালপেখুয়ার দ্বিতীয় গোলে ৩-১ করে ফেলে ভারত। ৭৫ মিনিটে আমদান আলী ব্যবধান কমিয়ে ফেললেও বাকি সময়টুকুতে দলের ভাগ্য আর ফেরাতে পারেননি।