সাফের সঙ্গে ক্লাব চ্যাম্পিয়নশিপও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের ফল যেমনই হোক, টুর্নামেন্ট আয়োজনে বাফুফের আগ্রহের কমতি নেই। এই অঞ্চলের অন্য দেশগুলোর চেয়ে বরং তা বেশিই। ২০১৫ সালে সাফ ও এএফসির পাঁচটি টুর্নামেন্টের আয়োজন সেই সাক্ষ্যই দিচ্ছে—এএফসি অনূর্ধ্ব-২৩, সাফ অনূর্ধ্ব-১৬, এএফসি অনূর্ধ্ব-১৬ ও ১৯ এবং মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬। বঙ্গবন্ধু কাপ ও চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্ট তো আছেই। সব মিলিয়ে ছোট-বড় সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে বিদায়ী বছরে।
সামনে আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট অপেক্ষা করছে। চার দিন পরই যশোরে পর্দা উঠবে বঙ্গবন্ধু কাপের। সেই ব্যস্ততার ফাঁকেই কাল জানা গেল, সম্ভবত আরও দুটি টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। কেরালায় সাফের নির্বাহী কমিটির সভায় আগামী সাফের আয়োজনভার তো দেওয়া হয়েছেই, প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে বাংলাদেশকে। রীতি অনুযায়ী পরবর্তী সাফ ২০১৭ সালের ডিসেম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে এ বছরের ডিসেম্বরে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন অনেক দিন ধরেই ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা বলে আসছিলেন। কিন্তু স্পনসরের অভাবে টুর্নামেন্টটা আলোর মুখ দেখতে পারছিল না। অবশেষে স্পনসর পাওয়ায় বাধা দূর হলো। সাফ টুর্নামেন্টের স্পনসর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ ক্লাব চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক।
সাফের এ সভায় বাফুফের কোনো প্রতিনিধি ছিল না। তবু টুর্নামেন্ট দুটি পেতে সমস্যা হয়নি। ক্লাব চ্যাম্পিয়নশিপটা তো সেধেই বাংলাদেশকে দেওয়া হয়েছে। বাংলাদেশের আগ্রহ এবং এখানকার ‘ফুটবলের বাজার’ নাকি বিবেচনায় এসেছে বেশি। সাফ তো চাওয়া মাত্রই মিলে গেছে।
সাফ টুর্নামেন্ট আয়োজনে বাফুফের আগ্রহের ব্যাপারটা কালকের সভায় তুলে ধরেন সাফের সাধারণ সম্পাদক বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনিই জানিয়েছেন, ‘ভুটান পরবর্তী সাফ আয়োজনে প্রথমবারের মতো ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সেই অবস্থানে আর থাকেনি। বাংলাদেশ ও মালদ্বীপ প্রার্থিতা জানিয়েছিল। সভায় অন্যদের মতামত ও স্পনসরের আগ্রহের ভিত্তিতে বাংলাদেশকেই পরবর্তী সাফ দেওয়া হয়েছে।’
২০০৮ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সাফ আয়োজন করেছিল মালদ্বীপ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়ে আয়োজনটা স্মরণীয় করে রেখেছিল দ্বীপদেশটি। কিন্তু এককভাবে সাফ করার মতো প্রয়োজনীয় অবকাঠামো মালেতে নেই। তা ছাড়া জায়গাটা ব্যয়বহুলও। এসব বিবেচনায় মালদ্বীপ ২০১৭ সাফ পায়নি।
বাংলাদেশ আবার এসব দিক থেকে বেশ এগিয়ে। বাফুফে প্রথম সাফ আয়োজন করেছিল ২০০৩ সালে। সেবার চ্যাম্পিয়নও হয়ে আয়োজনটাকে মনে গেঁথে রেখেছে বাংলাদেশ। ২০০৫ ও ২০০৮ টুর্নামেন্টের পর ২০০৯ সালে ঢাকায় আবার হয়েছিল সাফ। ২০১১, ২০১৩ ও ২০১৫ তিনটি টুর্নামেন্ট শেষে দুই বছর পর সাফ আবার ফিরছে বাংলাদেশে।
ক্লাব চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশ চায়নি, কিন্তু স্পনসর জানে বাংলাদেশ এটা করতে পারবে। বিনিয়োগটা এখানে উঠে আসবে বলেই তাদের ধারণা এবং সে জন্যই বাংলাদেশের নাম প্রস্তাব। বাংলাদেশ কি রাজি?
সালাউদ্দিনের কথা শুনে মনে হলো বাংলাদেশ খুব আগ্রহ নিয়েই ক্লাব চ্যাম্পিয়নশিপটা করবে, ‘নীতিগতভাবে আমরা এটা করতে রাজি। আমি ভাবিনি যে স্পনসর এটা আমাদের দিয়ে দেবে। তবে সাফের সভাপতি হিসেবে বাইরের ক্লাব চ্যাম্পিয়নশিপের মতো সাফেও ক্লাব প্রতিযোগিতা আয়োজনের স্বপ্নটা ছিল আমারই। এখন আমরা ৪৮ ঘণ্টার মধ্যে বাফুফের সভায় সিদ্ধান্ত নেব।’