সাবধান, এই দলটাকে গোল দেবেন না!

জিততে চাইলে গোল করতেই হবে। শুরুতে গোল পেয়ে গেলে তো কথাই নেই। আর জোড়া গোলের ব্যবধানে যদি এগিয়ে যাওয়া যায়, কোচ ডাগআউটের রেখা থেকে সরে একটু বেঞ্চে গিয়ে জিরিয়ে নিতে পারেন। চেনা এই দৃশ্যটা বদলে দিতে শুরু করলে সেভিয়া। ২-০? ৩-০ গোলে এদের বিপক্ষে এগিয়ে গিয়েও এখন আর প্রতিপক্ষ স্বস্তিতে থাকবে না। মাত্র চার দিনের ব্যবধানে দুই-দুটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প যে লিখল স্পেনের ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা সেভিয়া লিভারপুলকে ড্র করতে বাধ্য করেছিল। আজ স্প্যানিশ লিগে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়ে তুলে নিল ২-৩ গোলের জয়! গত ম্যাচের মতো এই ম্যাচেও পেনাল্টি একটা ভূমিকা রেখেছে বটে। কিন্তু সেভিয়ার কৃতিত্ব তাতে এতটুকু খাটো হচ্ছে না।
৫৩ মিনিটে দ্বিতীয় গোলটি খাওয়ার পরই সেভিয়ার ঘুরে দাঁড়ানোর শুরু। ক্লেমেন্ত আর ফ্রাঙ্কো ৫৬ আর ৫৭ মিনিটে ২ গোল এনে দেন দলকে। ৭৭ মিনিটে গ্যাব্রিয়েল মারকাদোকে বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বের হয়ে যান ভিক্তর রুইজ। পেনাল্টি থেকে ৩-২ করে ফেলেন এভার বানেগা। এবার জয় নিয়েই মাঠ ছাড়ে তাঁর দল।
এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সেভিয়া। শুধু তা-ই নয়, সেরা তিনের জায়গাটা মাত্র ২ পয়েন্ট দূরে। লা লিগায় দ্বিতীয়ার্ধের গোলে এই মৌসুমে সর্বোচ্চ ১৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা। ২৫ পয়েন্টের অর্ধেকের বেশি এসেছে দ্বিতীয়ার্ধে গোল করে! সেভিয়াই তো আসল কামব্যাক কিং! প্রত্যাবর্তনের রাজা। এরপর থেকে বলতে হবে, সাবধান, আর যাই হোক, এই দলটাকে আগে গোল দিয়ে বসবেন না। এরা গোল হজম করলেই হয়ে ওঠে ভয়ংকর!