সাবিনা গোল না পেলে তামিলনাড়ু জেতে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। প্রথম আলো ফাইল ছবি
>
  • টানা চার ম্যাচ জয়ের পর আজ ড্র করেছে সাবিনার ক্লাব
  • আগের চার ম্যাচেই গোল করেছিলেন সাবিনা
  • আজ সাবিনা গোল করতে পারেনি, তাঁর দলও জেতেনি

ইন্ডিয়ান উইমেন্স লিগে টানা চার ম্যাচে গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তাঁর দল তামিলনাড়ুর সিথু এফসিও জিতেছিল ম্যাচগুলোতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আর গোল করতে পারেনি বাংলাদেশের মেয়ে। সিথু এফসিও পায়নি জয়। তবে হারতেও হয়নি—ইস্টার্ন স্পোর্টিং স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্নের বিপক্ষে আজ প্রথমার্ধের পাঁচ মিনিটেই গোল হজম করে সাবিনার ক্লাব। ১৪ মিনিটে দলীয় অধিনায়ক ইন্দুমাথির গোলে সমতায় ফেরে তারা। এর পরে ম্যাচ জয়ের জন্য হয়তো সাবিনার দিকে তাকিয়ে ছিল তামিলনাড়ুর সমর্থকেরা, কিন্তু আজ আর জ্বলে উঠতে পারেননি আগের দুই ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশের অধিনায়ক। তাঁকে আজ কড়া মার্কিংয়ে রেখেছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা।

সাবিনা গোল না পেলে সিথু জেতে না—এ যেন অলিখিত নিয়ম। সাত দলের লিগের ছয় ম্যাচের প্রথম ও শেষ ম্যাচে গোল পাননি সাবিনা। আর দুটি ম্যাচেই জয়বঞ্চিত তামিলনাড়ুর ক্লাবটি। প্রথমটিতে হার ও আজকে ড্র। তবে এতে খুব বেশি ক্ষতি হয়নি সিথুর। কেননা আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি।