সাবিনাদের চোখ সেমিফাইনালে

সংবাদ সম্মেলন শেষে জার্সি হাতে ছবি তুললেন সাবিনা খাতুন। জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ককে হাসিখুশিই লাগছিল বাফুফের সম্মেলনকক্ষে। একঝাঁক নতুন ফুটবলার নিয়ে মেয়েদের সাফ অভিযানে আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কালই শুরু হয়ে যাবে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩১ ডিসেম্বর ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। ফাইনাল ৪ জানুয়ারি। যদিও আপাতত টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল।
সাফের সবচেয়ে শক্তিশালী দল ভারত, যারা গত তিনটি আসরেই চ্যাম্পিয়ন। ভারতের পাশাপাশি নেপালকে নিয়েও বেশ চিন্তিত বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে প্রথম আসরের সেমিফাইনালে নেপালের কাছে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। শ্রীলঙ্কায় ২০১২ সাফের গ্রুপ পর্বেই বিদায় নেন সাবিনারা। এরপর পাকিস্তানে ২০১৪ সাফেও বাংলাদেশ সেমিফাইনালে ১-০ গোলে হেরেছিল নেপালের কাছে।
গত সেপ্টেম্বরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই দলের সব ফুটবলারসহ ৩৪ জনকে নিয়ে বাফুফে ভবনে প্রায় তিন মাস চলেছে আবাসিক ক্যাম্প। কাল ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। এই দলে সিনিয়র বলতে স্ট্রাইকার সাবিনা খাতুন, মুনমুন আক্তার, মিডফিল্ডার মাইনু মারমা, গোলরক্ষক রওশন আরা ও সাবিনা আক্তার। জাতীয় দলে একেবারে নতুন মুখ—নীলুফার ইয়াসমিন, আনাই মগিনি, আনুচিং মগিনি, ইশরাত জাহান ও মাহমুদা আক্তার।
গত তিনটি আসরেই বাংলাদেশের হয়ে খেলেছেন স্ট্রাইকার সাবিনা। এবারও সেমিফাইনালের বেশি আশা করছেন না সাতক্ষীরার এই তরুণী, ‘আমরা বরাবরই বলে এসেছি, সেমিফাইনাল আমাদের লক্ষ্য। এরপর যদি ফাইনালে উঠতে পারি সেটা হবে বাড়তি কিছু।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় মহিলা দলের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পেক্ষ এফ এম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত থেকে মেয়েদের হাতে তুলে দেন জার্সি ও খেলার সরঞ্জাম।