সাবিনাদের ফাইনালে ওঠার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মেয়েদের অনুশীলন। কাল শিলিগুড়িতে l বাফুফে
প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মেয়েদের অনুশীলন। কাল শিলিগুড়িতে l বাফুফে

ছেলেদের ফুটবলে গত তিনটি সাফেই গ্রুপ থেকে বিদায়। মেয়েদের সাফে অবশ্য অতটা দৈন্যদশা হয়নি। তিনটি মহিলা সাফের একটিতে গ্রুপেই ছুটির ঘণ্টা বাজলেও দুটিতে ওঠা গেছে সেমিফাইনালে।
তথ্যটা জানা থাকলে মেয়েদের চতুর্থ সাফের ফাইনালে বাংলাদেশ দলকে দেখার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। শুরুতে আশাটা বলতে গেলে ছিলই না। ধরে নেওয়া হয়েছিল গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠলে সামনে নেপাল পড়বে, যাদের কাছে তিনটি সাফের দুটিরই সেমিফাইনালে হারতে হয়েছে।
কিন্তু আজকের সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল নয়। মাঠে নামার আগেই এটি বিরাট এক মানসিক জয় বাংলাদেশের জন্য। সেটা আরও বেড়ে যাচ্ছে প্রতিপক্ষ যখন মালদ্বীপ, এই সাফেই যাদের পোস্টে ৯ গোল দিয়েছে নেপাল। বাংলাদেশের কাছেও গত এসএ গেমসে ২-০ গোলে হেরেছে মালদ্বীপ। তারও আগে সাফ ফুটবলে ৩-১ গোলে মালদ্বীপের বিপক্ষে জয় বাংলাদেশের। এসব পরিসংখ্যান অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখছে।
তাই আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশের উজ্জীবিত ফুটবলই খেলার কথা। তার ওপর এক দিন আগেই ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়াও বিরাট প্রেরণা। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী তাই ফাইনালেই চোখ রেখেছেন, ‘আমরা অবশ্যই ফাইনালে খেলার আশা করছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটা সম্ভবই মনে করি।’

এই টুর্নামেন্টে যেভাবে খেলছে বাংলাদেশের মেয়েরা, কোচের কথার সঙ্গে দ্বিমত করার কিছু নেই। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে গুঁড়িয়েই সাবিনারা জানান দিয়েছেন নিজেদের উপস্থিতি। এরপর গ্রুপসেরা হওয়ার স্বার্থে স্বাগতিক ভারতের সঙ্গে রক্ষণাত্মক খেললেও আজ আক্রমণাত্মক মেজাজেই ছক সাজাবেন কোচ। বাংলাদেশকে নিয়ে তাই দুর্ভাবনায় আছে মালদ্বীপ শিবির। বিশেষ করে প্রথম ম্যাচে ৫ গোল করা অধিনায়ক সাবিনাকে নিয়ে বেশি চিন্তা দলটির।

তবে মালদ্বীপকে খাটো চোখে দেখে ভুল করার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দল। সেটি বলেও দিয়েছেন কোচ। ভারতের বিপক্ষে দারুণ খেলা গোলরক্ষক সাবিনা আক্তারও কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন, ‘আমরা ফাইনালে খেলতে চাই সেটা ঠিক আছে। কিন্তু মালদ্বীপকে হালকাভাবে নেব না।’

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু বাংলাদেশ-মালদ্বীপ দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে প্রথম সেমিতে ভারত-নেপাল মুখোমুখি। স্থানীয়রা প্রথমবারের মতো ভারত-বাংলাদেশ ফাইনাল দেখার অঙ্কই নাকি মেলাচ্ছে!