সাবিনাদের সেমিতে ওঠার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে আফগানিস্তান। বাংলাদেশের মেয়েদের দেখে মনে হচ্ছে ওঁরা প্রস্তুতই। কাল শিলিগুড়িতে অনুশীলনের পর l ছবি: বাফুফে
সামনে আফগানিস্তান। বাংলাদেশের মেয়েদের দেখে মনে হচ্ছে ওঁরা প্রস্তুতই। কাল শিলিগুড়িতে অনুশীলনের পর l ছবি: বাফুফে

গত সেপ্টেম্বরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের মেয়েরা মাতিয়ে দিয়েছিল গোটা দেশ। পাঁচ ম্যাচে ২৬ গোল করে অপরাজিত বাংলাদেশ প্রতিযোগিতার মূল পর্বে উঠে যায়। সেই মেয়েরাই আজ যখন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নামছেন, তাঁদের সামনে পথটা সহজ হচ্ছে না। এটি যে জাতীয় দলের টুর্নামেন্ট, বয়সভিত্তিক নয়।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশে মেয়েদের সাম্প্রতিক সাফল্য ঈর্ষণীয়। এএফসি অনূর্ধ্ব-১৪ বিভাগে দুবার গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু দক্ষিণ এশিয়ান অঞ্চলেই জাতীয় দল সুবিধা করতে পারে না। আগের তিনটি সাফের প্রথম ও তৃতীয়টিতে তৃতীয় হলেও দ্বিতীয়বার সেমিফাইনালেই উঠতে পারেনি লাল-সবুজের দল। এবারও তাই স্বপ্নের সীমাটা শুরুতে সেমিফাইনাল পর্যন্তই।
সেই লক্ষ্য পূরণে আজ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতলেই চলবে। আফগান ছেলেরা সাফে চ্যাম্পিয়ন হলেও মেয়েরা এখনো শক্তি হয়ে উঠতে পারেনি। ২০১২ দ্বিতীয় সাফে তৃতীয় হওয়াটাই তাদের সেরা সাফল্য। গত সাফে আফগানদের বিপক্ষে ৬-১ গোলে জয়ের স্মৃতিটা মনে করলে আজ সহজেই জেতার কথা বাংলাদেশের। এবার বাংলাদেশ দলটির বেশির ভাগই অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়, সঙ্গে সিনিয়র পাঁচজন। দুই গোলরক্ষক, অধিনায়ক সাবিনা খাতুন, মাইনু মারমা ও রত্না।
অভিজ্ঞতায় পিছিয়ে, তবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু সাফ অভিযানটা জয় দিয়েই শুরু করতে চান অধিনায়ক সাবিনা, ‘সেমিফাইনালে উঠতে এই ম্যাচে আমাদের জিততেই হবে। তাই জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ সেই চেষ্টায় সাফল্য এলে স্বাগত জানাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নইলে এই টুর্নামেন্ট নিয়ে তিনি খুব সতর্ক, ‘দলটি নবীন বলেই আমরা খুব বেশি কিছু প্রত্যাশা করছি না।’
তবে আজ প্রথম ম্যাচ জিতলেই ৩১ ডিসেম্বর শেষ গ্রুপ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতের কাছে হারলেও সমস্যা নেই। চাপ অর্ধেক কমিয়ে দিয়েছে ভারত। স্বাগতিকেরা পরশু আফগানদের ৫-১ গোলে হারিয়ে ঠেলে দিয়েছে বিদায়ের পথে।
সেমিফাইনালে উঠে দুবারই বাংলাদেশ হেরেছে নেপালের কাছে। এবারও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে পা রাখলে নেপালের সামনেই পড়ার সম্ভাবনা বেশি। নেপাল ৮-০ গোলে ভুটানকে (মালদ্বীপ ৫-২ গোলে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে) উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেছে।