সাবিনার পথ ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরা সবাই ‘সাবিনা’ হওয়ার স্বপ্নে বিভোর। কোচ আলী আকবরের সঙ্গে সাতক্ষীরার মেয়েরা l প্রথম আলো
ওরা সবাই ‘সাবিনা’ হওয়ার স্বপ্নে বিভোর। কোচ আলী আকবরের সঙ্গে সাতক্ষীরার মেয়েরা l প্রথম আলো

কখনো তিনি কোচ। কখনো বাবার ভূমিকায়। নিজের দুই মেয়েকেই ফুটবলার বানিয়েছেন। অন্য অনেক মেয়েকেও এনেছেন ফুটবলে। ফুটবলার তৈরির কারখানাই যেন খুলে বসেছেন আকবর আলী। গতকাল বাফুফের টার্ফে শুরু হওয়া জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে সাতক্ষীরার কোচ তাই স্বাভাবিকভাবেই চোখ কেড়ে নিলেন।
আঞ্চলিক চ্যাম্পিয়ন সাতক্ষীরার ১৪ ফুটবলারের ১২ জনই আকবরের ফুটবল একাডেমি ‘জ্যোতি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের’। দরিদ্র পরিবারের এই মেয়েদের ফুটবল মাঠে নিয়ে এসেছেন। নিজের বাড়িতে রেখেই নিয়মিত অনুশীলন করান। শুধু খেলা নয়, পড়াশোনার খরচটাও দিচ্ছেন মেয়েদের।
নইলে মিডফিল্ডার ফারজানা ইয়াসমিন হয়তো জেএফএ কাপ খেলতে ঢাকা পর্যন্ত আসতেই পারত না। বছর খানেক আগে দুরারোগ্য অসুখে মারা গেছেন মা রাবেয়া বেগম। এরপর থেকে বাবা কোনো খোঁজখবরই নেন না। প্ল্যান বাংলাদেশ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে ফারজানার খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন আকবর আলী। এরপর মেয়েটিকে নিজের একাডেমিতে ভর্তি করে নেন। ফারজানার চোখে-মুখে এখন শুধুই ফুটবলার হওয়ার স্বপ্ন, ‘স্যার না থাকলে হয়তো এখানে আসতেই পারতাম না। তিনি আছেন বলেই আমি একদিন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। সাবিনা আপুর (জাতীয় দলের স্ট্রাইকার) মতো হতে চাই।’
বছর তিনেক আগে ডিফেন্ডার নাসিমা খাতুনের বাবা আবদুস সাত্তার মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেলেন। মা রাশিদা বেগম সংসার চালাতে ফেরি করে কাপড় বিক্রি শুরু করলেন। তারপরও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারতেন না। আন্তস্কুলে খেলার সময় একদিন আকবরের চোখে পড়ে নাসিমা। এই মেয়ের বর্তমান ঠিকানা আকবরের বাড়ি। খেলা শিখছে তঁারই একাডেমিতে।
মিডফিল্ডার আরিফা খাতুনের বাবা আবদুল আলীম ইটভাটার শ্রমিক। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। ফুটবলটা খুব প্রিয় আরিফার বাবার। মেয়েকেও ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন। কিন্তু সাধ আর সাধ্যের মাঝে বাধা হয়ে দাঁড়াত আর্থিক টানাপোড়েন। আন্তস্কুলে আরিফার খেলা দেখে তত দিনে খোঁজখবর নেওয়া শুরু করেন কোচ আকবর আলী। একদিন মাঠে আরিফার বাবার সঙ্গে কথা বলে ফুটবল একাডেমিতে নিয়ে নেন আরিফাকে। কাল বাফুফের অ্যাস্ট্রো টার্ফে দাঁড়িয়ে আরিফার মুখে ঝরছিল শুধুই কৃতজ্ঞতা, ‘স্যার আমার বাবার মতো। এখানে চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা স্যারকে উপহার দিতে চাই।’
মুক্তা পারভিনের বাবা ইউসুফ গাজী সাতক্ষীরা শহরের রাস্তায়, ফুটপাতে জলপাই, আমের আচার বিক্রি করেন। ছয় ভাইবোনের সংসারের তৃতীয় সদস্য মুক্তা বাবার আগ্রহেই ফুটবলে এসেছে। তবে মুক্তাকে নিয়ে বেশি আশাবাদী কোচ। সে আঞ্চলিক পর্বের ২ ম্যাচে করেছে ৫ গোল। চূড়ান্ত পর্বে আরও গোল করার ইচ্ছা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর।
সাতক্ষীরা শহরের পিটিআই মাঠে নিয়মিত অনুশীলন করেন ওই জেলারই মেয়ে সাবিনা খাতুন। জাতীয় দলের স্ট্রাইকার দেশের গণ্ডি ছাড়িয়ে আলো ছড়িয়েছেন মালদ্বীপের লিগেও। ঘরোয়া ফুটবলের ‘গোলমেশিন’ সাবিনার সঙ্গেই সাতক্ষীরা শহরে অনুশীলনে ব্যস্ত থাকে ফারজানা, নাসিমা, আরিফা খাতুনেরা। সবাই অভিন্ন কণ্ঠেই বলল, ‘আমরাও সাবিনা আপুর মতো হব।’
এই কিশোরীদের চোখে স্বপ্নের মায়াঞ্জন বুলিয়ে দিচ্ছেন কোচ আকবর আলী। সামনে আছে সাবিনার মতো আলোকবর্তিকা, যাকে আদর্শ মেনে উঠে আসতে চায় এই মেয়েরাও।