সাবেক ইংলিশ তারকার মন বলছে ‘উচ্ছ্বাসে ফেটে পড়তে’

এভাবে উচ্ছ্বাস করতে চাইছেন সাবেক ইংলিশ তারকা।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কোন ইংল্যান্ড! যেন স্বপ্নের ঘোরে সবকিছু ঘটে যাচ্ছে। যে কাজগুলো হ্যারি কেইনের পূর্বসূরিরা করতে পারেনি, ইউরো জয়ের সেই অধরা স্বপ্নের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে একপেশে লড়াইয়ে ৪-০ গোলে হারানোর ম্যাচে কাল জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এতেই ইংল্যান্ডের হয়ে বড় কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন।

বড় কোনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গ্যারি লিনেকারের। সাবেক ইংলিশ তারকা করেছেন ১০ গোল। এরপরই তালিকায় ছিলেন অ্যালান শিয়েরার। তিনি করেছিলেন ৯ গোল। রোমে কাল সেটি ছুঁয়ে ফেলেন হ্যারি কেইন। এঁদের পরই আছেন ৭ গোল করা ওয়েইন রুনি।

কেইন ছন্দে ফিরেছেন।
ছবি: রয়টার্স

এবারের ইউরোতে যেভাবে ইংল্যান্ড খেলছে তাতে বিস্ময়ের ঘোরে আছেন অ্যালান শিয়েরার। ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশেষ কিছু একটা ঘটতে চলেছে এবার।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা পাঁচ ম্যাচ কোনো গোল খায়নি ইংল্যান্ড। আক্রমণেও দিনকে দিন ধার বেড়েছে গ্যারেথ সাউথগেটের দলটির। বিস্ময়ের ঘোরলাগা কণ্ঠে শিয়েরার বলছিলেন, ‘আমরা খুব ধীরলয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করছি। আমার মাথা বলছে শান্ত থাক কিন্তু হৃদয় বলছে উচ্ছ্বাসে ফেটে পড়ো।’

শিয়েরার না করলেও সমর্থকদল ঠিকই উচ্ছ্বাস করতে নেমে গেছেন।
ছবি: রয়টার্স

ইংল্যান্ড কোচ সাউথগেটের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড সর্বোচ্চ ২৬০ গোল করা স্ট্রাইকার শিয়েরার, ‘সত্যি, দুর্দান্ত ইতিবাচক মানসিকতা এই দলের। সাবাশ গ্যারেথ, সাবাশ ইংল্যান্ড।’

শিয়েরারের সঙ্গে সুর মিলিয়ে উচ্ছ্বাসে ভাসছেন আরেক সাবেক ইংলিশ তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ‘ওদের পারফরম্যান্স দেখে এখন আমাদের রোমাঞ্চে ভেসে যাওয়ার সময়। এবং ওদের এখন শান্ত থাকার সময়। আত্মবিশ্বাসী হওয়ার সময়।’

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড সাউথগেটের বেঞ্চের ফুটবলার খেলানোর কৌশল দেখে মুগ্ধ, ‘এই দলের ব্যাপারে আমি আগের চেয়েও আত্মবিশ্বাসী। এমন পরিপূর্ণ দল আগে কখনোই দেখিনি আমি, এই দল নিয়ে তাই এমন প্রশংসা করাই যায়।’

ইউক্রেনকে ৪ গোল দিয়েছে ইংল্যান্ড।
ছবি: রয়টার্স

ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ৮১ ম্যাচ খেলা ফার্ডিনান্ড ফুটবলারদের ইতিবাচক মানসিকতা দেখে খুশি, ‘কোচ যেভাবে দলটাকে খেলাচ্ছে এবং যেভাবে সব ফুটবলার ইতিবাচক মানসিকতায় খেলছে সেটা দারুণ। প্রতিটি জায়গায় যারা খেলছে নিজেদের তারা প্রমাণ করছে। ওদের বিপক্ষে খেলা কঠিন।’

আক্রমণভাগে সেরা ফুটবলার থাকার পরও গ্রুপ পর্বে ইংল্যান্ডকে নেতিবাচক ফুটবল খেলার জন্য সমালোচনা সইতে হয়েছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গ্রুপ পর্বে ১-০ গোলের জয়ের দিনে যেন মনে হয়েছিল কোনো রকমে ম্যাচটা শেষ হলেই বাঁচেন ইংলিশ ফুটবলাররা। কিন্তু সেই ইংল্যান্ডই অন্য চেহারায় নকআউট পর্বে। দুই ম্যাচে এরই মধ্যে প্রতিপক্ষের জালে দিয়েছে ৬ গোল। কঠিন প্রতিপক্ষ জার্মানিকে হারিয়েছে ২-০ ব্যবধানে। এরপর কাল ইউক্রেনকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।