সাবেক বার্সা ফুটবলার একাডেমির কোচ

অনেক দিন ধরেই দেনদরবার চলছিল দুই পক্ষে। অবশেষে তা পাচ্ছে চূড়ান্ত পরিণতি। বার্সেলোনার সাবেক ফুটবলার গঞ্জালো সানচেজ মোরেনোর সঙ্গে আজ চূড়ান্ত আলোচনা শেষে দুই এক দিনের মধ্যেই চুক্তি হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ইউনিসেফ বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাঁর স্ত্রী, সেই সুবাদে স্ত্রীর সঙ্গে ঢাকায় এসেছেন গত জুনে। বাংলাদেশে থাকবেন তিন বছর। এই সময়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান বলেই বাফুফের সঙ্গে যোগাযোগ করেন এই স্প্যানিশ কোচ। বাফুফেও একজন বিদেশির কোচ খুঁজছিল একাডেমির জন্য।
কদিন আগেই জাতীয় দলের কোচ হিসেবে ৪২ বছর বয়সী ইতালিয়ান ফাবিও লোপেজকে নিয়োগ দিয়েছে বাফুফে। বয়স ৪৩, এই কোচও যথেষ্টই তরুণ। তবে কোচিংয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। গত বছর মাদাগাসকারের প্রিমিয়ার লিগের দল সিএনপিএসকে চ্যাম্পিয়ন করেছেন লিগে, ওই দেশের অনূর্ধ্ব-১৭ দলের কোচও ছিলেন।
নবীন খেলোয়াড় হিসেবে ১৯৮৩ সালে যোগ দিয়েছিলেন। এরপর খেলেছেন মূলত বার্সার ‘বি’ দলে। জীবনবৃত্তান্ত অনুযায়ী বার্সার মূল দলে ছিলেন ১৯৯৩-৯৪ মৌসুমে। তবে মূল দলে গোটা দুয়েকের বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। ১৯৯৪ উয়েফা কাপ ফাইনালে মিলান-বার্সা ম্যাচে ছিলেন বেঞ্চে, যে ম্যাচে বার্সা বিধ্বস্ত হয়েছিল ৪ গোলে। গার্দিওলার সঙ্গেও তাঁর খেলার অভিজ্ঞতা আছে।
বাংলাদেশে সেটিই কাজে লাগাতে চান এই স্প্যানিশ, ‘শুধু অনুশীলনই নয়, ভালো করতে হলে মাঠের বাইরেও অনেক প্রস্তুতি প্রয়োজন। সুযোগ পেলে বাংলাদেশে আমি আমার সেই অভিজ্ঞতা ঢেলে দেব নবীনদের মধ্যে।’