সাবেলাকে ফেরানোর সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনা!

আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে কি ফিরছেন আলেসান্দ্রো সাবেলা? আর্জেন্টিনা সংবাদমাধ্যমে জোর গুঞ্জনের জবাবে তাঁর পক্ষ থেকে মুখ খুললেন সাবেলার সাবেক সহকারী ক্লদিও গাগনালি
আর্জেন্টিনা কোচের পদে আলেসান্দ্রো সাবেলাকে ফেরানো হচ্ছে—এমন একটা গুঞ্জন দেশটির সংবাদমাধ্যমে। শুধু জাতীয় দল নয়; সাবেলাকে নাকি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০১৪ বিশ্বকাপে মাঝারি মানের একটি দলকে নিয়ে শিরোপার একদম কাছে পৌঁছে গিয়েছিলেন। সাবেলাকে ফেরানোর খবরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে স্বস্তিও ছিল। কিন্তু সাবেলার কাছের একজন বলছেন, এসবই এখনো স্রেফ গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে সাবেলাকে এখনো প্রস্তাব দেওয়া হয়নি। এমনকি এ ধরনের কোনো ইঙ্গিতও নাকি সাবেলা পাননি।
২০১৪ বিশ্বকাপের পর আড়ালে চলে গিয়েছিলেন সাবেলা। জাতীয় দলকে ফাইনালে তুলেও স্বেচ্ছায় সরে দাঁড়ান। তখন জানা গিয়েছিল, সাবেলা এবার বিদেশি কোনো ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী, জাতীয় দল আর নয়। কিন্তু তিন বছর ধরে একদম যেন নিরুদ্দেশ হয়ে গেলেন। তখন জানা গিয়েছিল, সাবেলা অসুস্থ।
বিশ্বকাপের পর আবারও আলোচনায় সাবেলা। আর্জেন্টিনা কম কোচকে দিয়ে তো চেষ্টা করল না। এর মধ্যে কেবল সাবেলার সময়েই দলটির মধ্যে সুস্থিতি ছিল। রক্ষণে ছিল ভারসাম্য। ফাইনালে হিগুয়েইন, মেসি আর প্যালাসিও অমন দারুণ তিনটি সুযোগ হাতছাড়া না করলে ২০১৪ চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনাই হতো! এই অপূর্ণতাবোধ থেকেই সমর্থকদের মধ্যে সাবেলাকে ফেরাও আলোচনা শুরু হয়।
সেই আলোচনাকে খবর হিসেবে নিয়ে আসেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সহসভাপতি দানিয়েল আঙ্গেলিসি। তিনি নাকি সাবেলার সঙ্গে দেখা করে অনানুষ্ঠানিক একটা প্রস্তাব দিয়ে রেখেছেন। ৬৩ বছর বয়সী সাবেলাও এখন পুরো সুস্থ। কাজে ফিরতে আগ্রহী। দুইয়ে দু্ইয়ে চার মিলিয়ে খবর রটে গেল, কোচ হিসেবে আবার দেখা যাচ্ছে সাবেলাকে।
তবে সাবেলার সাবেক সহকারী ক্লদিও গাগনালি বলেছেন, ‘এমনটা শোনা যাচ্ছে, যদিও আসল বাস্তবতা অন্য রকম। খবরটা যত দ্রুত রটাচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। আমি যত দূর জানি, তাঁকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’
সাবেলাকে যে প্রস্তাব দেওয়া হয়নি, সেটি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও নিশ্চিত করেছেন, ‘এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি।’
দীর্ঘ অসুস্থতার কারণে সাবেলা বেশ বুড়িয়ে গেছেন। তা ছাড়া এত দিন ফুটবল থেকে দূরে থাকার পর আবারও জাতীয় দলের মতো দলের দায়িত্ব নিতে কি তিনি পারবেন? এমন একটা সংশয়ও আছে। তবে গাগনালি বলছেন, সাবেলাকে শুধু জাতীয় দল নয়; আর্জেন্টিনা যুব দলের দায়িত্বও একই সঙ্গে সামলাতে প্রস্তুত, ‘যে দুটি দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে গুঞ্জন, দুটিই আলেসান্দ্রো সামলাতে পারবে। কারণ এ কাজের জন্য তিনি খুবই যোগ্য। ওনার যে ফুটবলীয় প্রজ্ঞা, তা খুব কম জনেরই আছে। আমি সব সময়ই বলি, আমাদের যদি সাবেলার মতো পাঁচজন থাকত, দেশের সব সমস্যার সমাধান করে ফেলতে পারতাম।’
সাবেলা চলে যাওয়ার পর আর্জেন্টিনা দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল সত্যি, কিন্তু বাছাইপর্বের শুরু থেকে খুঁড়িয়েছে দল। যেখানে সাবেলা ২০১৪ সালের বাছাইপর্বে আর্জেন্টিনাকে শীর্ষে থেকে নিয়ে গেছেন চূড়ান্ত পর্বে। সেখানেও দলকে তুলেছিলেন ফাইনালে। জার্মানির অতিরিক্ত সময়ের গোল শিরোপা-বঞ্চিত করেছে আর্জেন্টিনাকে। অনেকেই তাই মনে করেন, সাবেলার কাছে ফিরে যাওয়ার সময় এসেছে।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পক্ষে তাঁর স্বাস্থ্য যথেষ্ট ভালো। সাবেলা কোচ হিসেবেও খুব বেশি বেতন দাবি করেন না। তাঁর পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি নেই। সাবেলা প্রস্তুত, প্রস্তুত তাঁর সহকারী বাহিনীও। এখন আসল সিদ্ধান্ত নিতে হবে এএফএর কর্তাব্যক্তিদের। আর্জেন্টিনা সংবাদমাধ্যমের যা খবর, তাতে সাবেলাকে ফেরানো নিয়ে যতটুকু সংশয়, সেটি এএফএর ভেতরেই। এই সংশয় মুছে ফেলতে পারলে সাবেলা জাতীয় দল এবং যুব দল দুটির দায়িত্ব নিতেই প্রস্তুত। সূত্র : লা ন্যাসিওন।