সাবেলার পথেই মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার পরই বলেছেন পূর্বসূরি আলেসান্দ্রো সাবেলার পথ ধরে হাঁটতে চান। আর্জেন্টিনার কোচ হিসেবে প্রথম দল ঘোষণায় নিজের সেই প্রতিশ্রুতিই রক্ষা করলেন জেরার্ডো মার্টিনো। সাবেলা ঠিক যেখানে শেষ করেছিলেন, মার্টিনো শুরুটাও করছেন সেখান থেকেই।
সেটা আক্ষরিক অর্থেই। মারাকানার বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা প্রথম ম্যাচটাও খেলতে নামছে সেই জার্মানির বিপক্ষে। ৩ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফের প্রীতি ম্যাচটা তাই হয়ে যাচ্ছে মারাকানার বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন। প্রতিশ্রুতিমতো মার্টিনো এই ম্যাচের জন্য বেছে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপের দলটাই। পুরো দলটির সঙ্গে একটু ফারাক আছে। সাবেলার ২৩ সদস্যের বিশ্বকাপ দলের ২০ জনই ছিলেন ইউরোপের লিগভিত্তিক খেলোয়াড়। মার্টিনো প্রাথমিকভাবে বেছে নিয়েছেন সেই ২০ জনকেই। মার্টিনোর ২০ সদস্যের দলে তাই জায়গা হয়নি বিশ্বকাপের দলে থাকা আর্জেন্টাইন ঘরোয়া লিগের তিন খেলোয়াড় মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো, গোলরক্ষক অগুস্তিন অরিয়ন ও ম্যাক্সি রদ্রিগেজের। রয়টার্স।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার। ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকিয়েল গ্যারাই, মার্কোস রোহো, হুগো ক্যাম্পানিয়ারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা। মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, অগুস্তো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, এনজো পেরেজ। ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও ও এজেকিয়েল লাভেজ্জি।