সাবেলার পথেই হাঁটবেন মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু সংবাদ সম্মেলনে মার্টিনো
পরশু সংবাদ সম্মেলনে মার্টিনো

আলেসান্দ্রো সাবেলার উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা কোচের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার এক মৌসুমের দায়িত্বে থাকা কোচ জেরার্ডো মার্টিনো। মার্টিনোর কথাবার্তায় স্পষ্ট, কাজেকর্মেও তিনি হতে চান সাবেলার যোগ্য উত্তরসূরি।
গত মঙ্গলবারই হয়ে গেছে চুক্তিটা। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্তাদের উপস্থিতিতে জাতীয় দলের কোচ হিসেবে মার্টিনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো গত পরশু। বুয়েনস এইরেসের উপকণ্ঠে এএফএর অনুশীলন সেন্টারে পরিচয়পর্ব শেষে নিজের প্রথম সংবাদ সম্মেলনেই ৫১ বছর বয়সী কোচ জানিয়ে দিলেন, পূর্বসূরি সাবেলার দেখানো পথেই হাঁটতে চান তিনি। বললেন, তাঁর কোচিং-দর্শন, কৌশল, দলে লিওনেল মেসি-হাভিয়ের মাচেরানোর ভূমিকা, এমনকি দলও থাকবে প্রায় অপরিবর্তিত। সাবেলা ২৪ বছর পর আর্জেন্টিনাকে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। মার্টিনোরও লক্ষ্য বিশ্বকাপ রানার্সআপ আর্জেন্টিনাকে একই উচ্চতায় ধরে রাখা।
জাতীয় দলের কোচ হওয়ার আজন্ম স্বপ্ন পূরণ হওয়ায় সংবাদ সম্মেলনে মার্টিনো ছিলেন উচ্ছ্বসিত, ‘আর্জেন্টিনার কোচ হতে পেরে এবং এএফএর লোকজন এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমার ওপর আস্থা রাখায় আমি গর্বিত। আর্জেন্টিনা দল এখন যেখানে এবং যেটা তাদের প্রাপ্য, এখন থেকে আমি সেটা ধরে রাখতেই কাজ করব।’
বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি-মাচেরানো। গত মৌসুমে বার্সেলোনায় যাঁদের দুজনের সঙ্গেই কাজ করেছেন মার্টিনো। তবে মার্টিনোর কথা, ‘এখানেও লিওর ভূমিকা থাকবে একই। বার্সেলোনা বা যেখানেই যাক, ওর ভূমিকা হবে বিশ্বসেরা খেলোয়াড়েরই। হাভিয়েরও কিছু সময় নেতৃত্ব দিয়েছে। রিভারপ্লেটের মূল দলে অভিষেক হওয়ার আগেই ২০০৩ সালে হাভিয়েরকে জাতীয় দলে ডেকেছিলেন মার্সেলো বিয়েলসা।’
দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় সাবেলাই পরবর্তী কোচ হিসেবে মার্টিনোর নাম সুপারিশ করেছিলেন। উত্তরসূরিকে কৃতজ্ঞতা জানিয়ে মার্টিনো বলেছেন, ‘আমাদের লক্ষ্য আলেসান্দ্রোর কাজের ধরনটা ধরে রাখা। বিশেষ করে ওই ফলেরও বেশি করা।’
দলে পরিবর্তন না আনার ইঙ্গিত দেওয়ায় স্বাভাবিকভাবেই মার্টিনোর প্রথম সংবাদ সম্মেলনেই উঠে আসে কার্লোস তেভেজ প্রসঙ্গ। সাবেলা কখনোই তেভেজকে দলে ডাকেননি। কিন্তু মার্টিনো জানিয়ে দিলেন, ‘আর্জেন্টিনার সব ফুটবলারের জন্যই দলের দরজা খোলা।’
এএফএর সঙ্গে তাঁর চুক্তিটা হয়েছে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত। তবে আর্জেন্টিনা বাছাইপর্ব উতরাতে পারলে স্বয়ংক্রিয়ভাবেই তাঁর চুক্তির মেয়াদটা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ছাড়িয়ে যাবে। আর্জেন্টিনার কোচ হিসেবে বেশ ব্যস্ত সময়ই কাটবে মার্টিনোর। যার শুরুটা হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। জার্মানির ডুসেলডর্ফের প্রীতি ম্যাচটা হতে যাচ্ছে মারাকানার বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন। আর্জেন্টিনার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচের জন্য মার্টিনো বিশ্বকাপ ফাইনালের ২৩ সদস্যের দলটাই রাখবেন বলে জানিয়েছেন।
পরের মাসেই এশিয়া সফর। বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচের পর আর্জেন্টিনা যাবে হংকংয়ে। আগামী বছরের জুনে চিলিতে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ওই আসরে চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা ২০১৭ সালে খেলতে পারবে কনফেডারেশনস কাপেও। এ ছাড়া আগামী বছরের শেষ দিকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের বাছাইপর্ব। সব মিলিয়ে মার্টিনোর সামনে বড় বড় চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ উতরাতে পারবেন বার্সেলোনার দায়িত্বে ব্যর্থ হয়ে ফেরা মার্টিনো? রয়টার্স।