সামনে আজ ওমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনুশীলন শুরুর কথা ছিল বিকেল চারটায়। তা মিনিট দশেক আগেই মওলানা ভাসানী স্টেডিয়ামে এলেন জিমিরা। তখনো ওমানের দেখা নেই। খোঁজ নিয়ে জানা গেল, অনুশীলনই করবে না ওমান!
বিশ্ব হকি লিগের গ্রুপ পর্বে আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হারের পর পরের ম্যাচে ফিজির বিপক্ষে ৫-১ গোলে জয়। কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
ওমানের সঙ্গে পুরোনো ‘লেনাদেনা’ রয়েছে বাংলাদেশের। বিশেষ করে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, গোলকিপার জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু, কামরুজ্জামান রানার। চার বছর আগে মালয়েশিয়ায় এশিয়া কাপে ওমানের কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। ‘ওমান-ঝড়ে’ বিধ্বস্ত বাংলাদেশের এই খেলোয়াড়দের তদন্ত কমিটির মুখোমুখিও হতে হয়েছিল। যে প্রতিবেদনের ভিত্তিতে ঘরোয়া ও আন্তর্জাতিক হকি থেকে নিষিদ্ধও হয়েছিলেন চারজন।
২০১৫ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও ওমানকে হারাতে পারেননি জিমিরা। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগে সর্বশেষ সাক্ষাতে হারতে হয়েছে পেনাল্টি শুট আউটে। ক্ষতটা আড়াল করার চেষ্টা করলেন না জিমি, ‘ওমানের সঙ্গে শেষ দুই ম্যাচে হেরেছি। সবার মধ্যে তাই জেদ কাজ করছে।’
হকির র্যাঙ্কিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে দুই দল। ওমান ৩১, বাংলাদেশ ৩২। সর্বশেষ পাঁচ সাক্ষাতে ওমানেরই জয়ের পাল্লা ভারী। তিন ম্যাচ জিতেছে ওমান, দুটিতে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশের দুশ্চিন্তার নাম পেনাল্টি কর্নার (পিসি)। পরশু ফিজির সঙ্গে ১৩টি পিসি পেয়ে বাংলাদেশ গোল করেছে ৩টি! গত কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে আলোকাড়া পিসি স্পেশালিস্ট আশরাফুল ইসলামও হতাশ করছেন। যে হকিস্টিক দিয়ে আশরাফুল খেলে অভ্যস্ত, আন্তর্জাতিক মানের না হওয়ায় এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন) এবার সেই স্টিকে খেলার অনুমতি দেয়নি। অন্যের স্টিক ধার করে খেলতে হচ্ছে তাঁকে। পিসির বেলায় অন্যতম বড় ভরসা মামুনুর রহমান চয়নে অবশ্য আস্থা রেখেছেন কোচ, ‘ও গত ম্যাচে ৪টি পিসি থেকে দুটিতে গোল করেছে। তবে আমি মনে করি না, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু আছে।’
কোচ যতই আশার গান শোনাক না কেন অধিনায়কের কপালে ঠিকই পিসি নিয়ে চিন্তার ভাঁজ, ‘গতকাল (পরশু) যে পেনাল্টি কর্নারগুলো নষ্ট করেছি, এটা যদি আগামী ম্যাচেও করি তাহলে ফলটা পক্ষে নিতে কষ্টই হবে।’ অবশ্য বিকেলে অনুশীলনে পিসি নিয়ে বিস্তর কাজ করলেন কোচ।
অলিভার কার্টজ সিঙ্গাপুরে হকি লিগে ছিলেন ওমানের কোচ। আজ তিনি বিপরীত ডাগআউটে দাঁড়াবেন। মাঠে নামার আগে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন এই জার্মান, ‘ওমানের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এটা বাড়তি সুবিধা। ছেলেরা আত্মবিশ্বাসী। আগের ম্যাচের মতো গতিময় খেলা উপহার দিলে আমরাই জিতব।’

.
.