সামনে আফগান, লক্ষ্য ফাইনাল

শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের খাদিমনগরে বাফুফের একাডেমি। সেখানেই নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। কাল তো ছিল সেমিফাইনালের শেষ প্রস্তুতি। বৃষ্টিতে ভিজেও তাই কোচ গোলাম জিলানী ঘণ্টা খানেক অনুশীলন করালেন শাওন, নিপু, ফাহিমদের।
কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ—কথাটা অনুশীলন মাঠে এলে নিয়তই নজরে পড়ে ফুটবলারদের। মাঠের একপাশের টিনশেড ঘরের দেয়ালে লেখা বাক্যটা ফুটবল দলকে অনুপ্রাণিতই করে। ফুটবলাররা হয়তো কথাটা হৃদয়ে গেঁথে নেওয়ারই চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা বলছে আফগানিস্তানের সঙ্গে আজকের সেমিফাইনাল লড়াইটা মোটেও সহজ হবে না। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু ম্যাচটি প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার হাতছানি দিচ্ছে যুবাদের। সুযোগটা হাতছাড়া করতেও রাজি নয় শাওনরা।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচই জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। কোচের চোখে জয়েরই ছবি, ‘টানা জয়ে ছেলেদের মনোবল চাঙা। ওরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে এই ম্যাচও জিতব।’
আফগানিস্তান দলটি সম্পর্কে অবশ্য পূর্বধারণা নেই কোচের। তবে গ্রুপ পর্বে নেপালের কাছে আফগানিস্তানের হেরে যাওয়া ম্যাচে দেখেছেন আফগানরা একসঙ্গে আক্রমণে ওঠে, একই সঙ্গে নামে। জিলানীর পর্যবেক্ষণ, ‘ওদের মোটেও খাটো করে দেখা যাবে না। তবে আমাদের দলটাও যথেষ্ট ভালো। পরপর দুই ম্যাচে ছেলেরা প্রমাণ করেছে অন্যদের চেয়ে আমরা একটু বেশিই শক্তিশালী।’
গত দুটি সাফেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে এবার দলের প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাসী। নিজেদের মাঠে খেলা—এটাই ফুটবলারদের বেশি উজ্জীবিত করছে। অতীত নিয়ে ভাবছেন না কোচ, ‘গত দুবার কি হয়েছে, না হয়েছে সেটা নিয়ে মোটেও চিন্তিত নই। চেনা পরিবেশ, চেনা মাঠ, নিজেদের দর্শকের সামনে ছেলেরা চাপমুক্ত হয়েই খেলবে।’ আফগানিস্তানের দুই ফরোয়ার্ড আবদুল নাসের ও শায়েক হাকিমিকে নিয়ে একটু দুশ্চিন্তা অবশ্য আছে জিলানীর, ‘ওদের দুই ফরোয়ার্ড নাসের ও হাকিমি ভালো খেলোয়াড়। তবে আমাদেরও কিছু কৌশল থাকবে।’ সিলেটে চলছে রোদবৃষ্টির লুকোচুরি। মাঠ নিয়ে তাই একটু হলেও দুশ্চিন্তা আছে দলের মধ্যে।
নেপালে গত আসরে এই আফগানিস্তানকে হারিয়েই তৃতীয় হয়েছিল বাংলাদেশ। সেটাও বাড়তি অনুপ্রেরণা মানছেন কোচ, ‘অবশ্যই ছেলেদের জন্য এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে অনেক গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শেষ চারে ওঠাটা আত্মবিশ্বাসের পালে লাগিয়েছে বাড়তি হাওয়া। অধিনায়ক শাওন জয় ছাড়া কিছু ভাবছেই না, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। সেরাটা খেলতে পারলে আমরাই জিতব।’
শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেছিল ফরোয়ার্ড নিপু। কিন্তু ভারতের সঙ্গে গোল পায়নি। আফগানিস্তানের বিপক্ষে এই আক্ষেপ ঘোচাতে চায় কিশোরগঞ্জের কিশোর, ‘এই ম্যাচকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছি। কারণ আগের ম্যাচে গোল পাইনি। আমি চাই আমার গোলেই ফাইনালে উঠুক বাংলাদেশ।’
নিপু-শাওনরা জ্বলে উঠলে দিনটা যে বাংলাদেশেরই হবে সেটা নতুন করে আর বলার কী থাকে?