সামনে এবার জর্ডান

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে কয়েক ঘণ্টা পরই উঠতে হয়েছে বিমানে। পার্থফেরত বাংলাদেশ দলের ঢাকায় নামার কথা ছিল কাল মধ্যরাতে। আগামীকালই ঢাকায় এসে পড়ছে এশিয়ার আরেক বড় দল জর্ডান। ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে মধ্যপ্রাচ্যের এই দলটির সঙ্গে চতুর্থ ম্যাচটা খেলবে বাংলাদেশ।
বিশ্রামের এতটুকু ফুরসত নেই। একটি বড় ম্যাচ খেলে পাঁচ দিনের মধ্যেই আরেকটি বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মতো হয়তো অতটা ভীতিকর নয়, কিন্তু গত বিশ্বকাপে প্রায় চলেই গিয়েছিল জর্ডান। তাই র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার (৬১) চেয়ে পিছিয়ে থাকলেও জর্ডানও (৯১) মামুনুলদের সামনে ‘বাঘ’। আপাতস্বস্তি এটাই যে, পরশু তিন ধাপ নেমে ১৭৩ র্যাঙ্কিংয়ে চলে যাওয়া বাংলাদেশ দল জর্ডান ম্যাচটা খেলবে নিজেদের মাঠে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল অবশ্য অস্ট্রেলিয়ার মতো অতটা ভয়ংকর মনে করছে না জর্ডানকে। অস্ট্রেলিয়ার কাছে ৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর সহকারী কোচ সাইফুল বারী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জর্ডান শক্তিশালী ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো হবে না। আমরা ওই ম্যাচে নিজেদের চেনা পরিবেশে ঘুরে দাঁড়ানোর আশা রাখছি। অস্ট্রেলিয়া ম্যাচের অভিজ্ঞতা সেদিন আমরা কাজে লাগাব।’
পার্থে বড় ব্যবধানে হার (৫-০) এড়াতে পারেনি মামুনুলরা। কিন্তু প্রথম ২৯ মিনিটেই ৪ গোল খাওয়ার পর স্কোরলাইনটা সে অর্থে ‘বড়’ হয়নি। এই জায়গায় তৃপ্তি খুঁজে পাচ্ছে বাংলাদেশ। শুধু তা-ই নয়, পরশু বিশ্বকাপ বাছাইয়ের কিছু অবিশ্বাস্য ফল দেখলে বাংলাদেশ দল নিজেদের ‘সফল’ দাবি করতে পারে। অস্ট্রেলিয়ার যাওয়ার পথে র্যাঙ্কিংয়ে ওপরে থাকা যে মালয়েশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল, সেই মালয়েশিয়া আরব আমিরাতের কাছে কিনা ১০-০ গোলে ভেসে গেছে!
বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা মিয়ানমারও ৯-০ গোলে উড়ে গেছে কুয়েতের সামনে। এই অঞ্চলের বয়সভিত্তিক ফুটবলে ভুটানের খেলা দেখে অনেকেই বলছিলেন দেশটি উঠে আসছে। কিন্তু ভুটানের জাতীয় দল ১৫-০ গোলে দুরমুশ কাতারের কাছে। ইরান ৬ গোল দিয়েছে গুয়ামকে। এই গুয়ামই বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে ২-১ গোলে। আফগানিস্তান আগের রাউন্ডে ৬ গোল খেয়েছে সিরিয়ার কাছে। স্কোরলাইনগুলো বলছে, পাঁচ গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের জাত যায়নি।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও বললেন, ‘স্কোরলাইন তো এ রকমই হওয়ার কথা। এর চেয়ে খুব বেশি আশা করার ছিল না। মোটের ওপর বলব, ঠিকই আছে।’ অস্ট্রেলিয়ার কাছে ৫ গোল খাওয়া ‘সহনীয়’ বলছেন ঢাকায় ফুটবল বিশ্লেষকেরাও।
শেখ রাসেলের কোচ মারুফুল হক ‘পাঁচ গোল বেশি নয়’ বলেও একটা বিষয় সামনে আনলেন, ‘বাংলাদেশ দল বেশি গভীরে নেমে রক্ষণ করেছে। আটজন হলো পেনাল্টি স্পটের পেছনে। আরেকটু সামনে দেয়ালটা দাঁড় করালে হয়তো গোলরক্ষক জায়গা পেত। কার্যত গোলরক্ষক ঠিকভাবে বলই দেখেনি। খেলাটা হয়েছে তার নাকের ডগায়।’
আরেক কোচ শফিকুল ইসলাম মানিকের চোখেও ফলটা স্বাভাবিক, ‘আমার মনে হয়, ট্যাকটিকসটা ঠিকই ছিল। আরও সামনে রক্ষণ করলে হয়তো বিপদ বাড়তে পারত। ওরা জায়গা অনেক বেশি পেলে গোলও আরও বেশি হওয়া বিচিত্র ছিল না।’
চট্টগ্রাম আবাহনীর এই কোচের অভিমত, আরেকটু আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে হয়তো ম্যাচ এতটা একপেশে হতো না। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা নিজেদের চেনানোর কথা বলেছিলেন এই ম্যাচে, কিন্তু পার্থের গ্যালারি তাঁদের চিনবে কী করে? জার্সিতে খেলোয়াড়দের নাম ছিল না, ছিল না দেশের নামও। অনেকেই বলতে পারেন, নাম না থাকায় ভালোই হয়েছে!
বহুকাঙ্ক্ষিত ও আলোচিত অস্ট্রেলিয়া সফর শেষ। এখন দুয়ারে দাঁড়ানো জর্ডান ম্যাচে কী হবে?
২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ
সামনের পাঁচ ম্যাচ
৮ সেপ্টেম্বর, জর্ডান *
১৩ অক্টোবর, কিরগিজস্তান
১২ নভেম্বর, তাজিকিস্তান
১৭ নভেম্বর, অস্ট্রেলিয়া *
২৪ মার্চ, জর্ডান
* হোম
প্রথম তিন ম্যাচের ফল
১১ জুন
বাংলাদেশ ১: ৩ কিরগিজস্তান
১৬ জুন
বাংলাদেশ ১: ১ তাজিকিস্তান
৩ সেপ্টেম্বর
বাংলাদেশ ০: ৫ অস্ট্রেলিয়া
গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
অস্ট্রেলিয়া ২ ২ ০ ০ ৭/১ ৬
জর্ডান ২ ১ ১ ০ ৩/১ ৪
কিরগিজস্তান ৩ ১ ১ ১ ৪/৩ ৪
তাজিকিস্তান ২ ০ ১ ১ ২/৪ ১
বাংলাদেশ ৩ ০ ১ ২ ২/৯ ১