সামনে বার্সা, স্মৃতিতে ইয়োকোহামা

গুয়াংজু এভারগ্রান্ডে বিশ্ব ফুটবলে যতটা পরিচিত, তার চেয়ে বোধ হয় বেশি পরিচিত দলটির কোচ লুইস ফেলিপে স্কলারি! এ থেকে অনুমান করা যায়, ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে যোজন যোজন পিছিয়ে এভারগ্রান্ডে। কিন্তু ক্লাব ফুটবলের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচের আগে এশীয় দলটির প্রেরণা যে কোচ স্কলারিই।
২০০২ সালে স্কলারির অধীনেই বিশ্বকাপের ‘পেন্টা’ শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ানরা। জিতেছিল জাপানের ইয়োকোহামার ফাইনালে জার্মানদের ২-০ গোলে হারিয়ে। ১৩ বছর পর সেই পয়া ভেন্যুতে আবার হাজির স্কলারি। রোনালদো-রিভালদো-কাফুদের পরিবর্তে এবার তাঁর দল চীনের এভারগ্রান্ডে। ইয়োকোহামায় পা রেখে তাই স্মৃতিকাতর ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ, ‘আজ (গতকাল) যখন বাসে করে আসি, মনে পড়ে যাচ্ছিল সেসব মধুর স্মৃতি। ব্রাজিলের কাছে এই জায়গাটা খুবই তাৎপর্যপূর্ণ।’ তাঁর নিজের কাছেও নয় কি? বাস্তবতায় ফিরে এলেন স্কলারি, ‘আমার জীবনের সেই অধ্যায়টা এখন অতীত।’
বর্তমান—‘গোলিয়াথ’ বার্সেলোনার সামনে ‘ডেভিড’ এভারগ্রান্ডে। কিন্তু হেরে যাওয়ার আগেই হার মানার লোক নন স্কলারি। মেনে নিচ্ছেন, ‘এই ধরাতলের অন্যতম সেরা দল বার্সেলোনা’, কিন্তু নিজেদের নিয়েও প্রত্যয়ী এভারগ্রান্ডে কোচ, ‘খেলাটাকে খেলার মতো করে তোলার সাহস এবং ইচ্ছা আছে আমার খেলোয়াড়দের। আশা করছি আগামীকাল (আজ) সেটাই করে দেখাবে তারা।’
কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে হারিয়ে এরই মধ্যে একটা চমক দেখিয়েছে স্কলারির দল। তবে বার্সা আর ক্লাব আমেরিকা এক কথা নয়। চোটের কারণে বার্সেলোনা দলে আজ নেইমারের না থাকাটাকেও বড় করে দেখছেন না এভারগ্রান্ডের ব্রাজিলিয়ান কোচ, ‘বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন নেইমার। আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে তার। কিন্তু বার্সেলোনা ২৫ নেইমারের দল। প্রতিটি পজিশনেই তাদের আছে বিশ্বমানের খেলোয়াড়।’
প্রতিপক্ষের মেসি, সুয়ারেজ, নেইমারের সমন্বয়ে গড়া ত্রিফলা আক্রমণ স্কলারিকে মনে করিয়ে দিচ্ছে ২০০২ ব্রাজিল জাতীয় দলের রোনালদো, রিভালদো ও রোনালদিনহোকে, ‘কোন আক্রমণত্রয়ী সেরা, সেটা বলা কঠিন। কিন্তু বার্সেলোনার “এমএসএন” অবশ্যই বিশ্বমানের। তাদের নিয়ে মাঠে আমাদের ব্যতিব্যস্ত থাকবে হবে এটা পরিষ্কার।’
চীনা দলটির অধিনায়ক ঝেং ঝির কণ্ঠেও লড়াইয়ের প্রত্যয়, ‘এ ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি আমরা। উপভোগ করার জন্য খেলব আমরা এবং শিখব ম্যাচ থেকে। আমরা তাদের ভয় করি না। আমাদের ভীত হওয়ার কারণও নেই।’
প্রতিপক্ষ যখন বার্সেলোনা, এভারগ্রান্ডের হারানোর যে কিছু থাকেও না! এএফপি।