সামাজিক যোগাযোগমাধ্যমে এ বছরও ‘রাজত্ব’ রোনালদোর

এ বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপট দেখিয়েছেন রোনালদোছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে সাম্প্রতিক সময়ে সমালোচনার সন্মুখীন হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থদের প্রতি রোনালদোর অভিযোগের আঙুল তোলার সমালোচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ও ফুটবল পন্ডিত গ্যারি নেভিল। এ মৌসুমে ইংলিশ ক্লাবটির হয়ে ১৮ ম্যাচে ১৩ গোল করলেও রোনালদোর সেই আগের ধার আর নেই। তবে মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বছরও রাজত্ব ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণের বহুজাতিক প্রতিষ্ঠান ‘টকওয়াকার’ এ বছরের হিসাবটি কষেছে। ফুটবল তারকাদের মধ্যে অনলাইনে এ বছরও সবচেয়ে বেশি দাপট ছিল রোনালদোর। সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, অনুসারীর সংখ্যা, ভক্তদের সঙ্গে যোগাযোযোগ—এসব অনুমিতির ভিত্তিতে ২০২১ সালেও সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটকে রোনালদোর অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিনই ভক্তদের সঙ্গে এসব মাধ্যমে যোগাযোগ হয় তাঁর। টকওয়াকার প্রতিদিনের হিসাব বের করে জানিয়েছে, ফুটবলারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বছরও রোনালদোর প্রভাবই সবচেয়ে বেশি ছিল। এরপরই আছেন পিএসজির দুই তারকা লিওনেল মেসি ও নেইমার।

গত ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২.১ বিলিয়নবার (২১০ কোটি) অনুসারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে রোনালদোর।
ছবি : রয়টার্স

গত ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২.১ বিলিয়নবার (২১০ কোটি) অনুসারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে রোনালদোর। এর মধ্যে ৩৪ কোটিবার ফেসবুকে, ১৭০ কোটিবার ইনস্টাগ্রামে ও ২ কোটি ৮০ লাখবার টুইটারে। টুইটারে মেসির অ্যাকাউন্ট নেই। তাঁর হিসাবটি শুধু ফেসবুক ও ইনস্টাগ্রামেই সীমাবদ্ধ। দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে মোট ১১০ কোটিবার অনুসারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে মেসির। এর মধ্যে ফেসবুকে ১৯ কোটি ২০ লাখবার এবং ইনস্টাগ্রামে ৯৭ কোটি ২০ লাখবার। নেইমার এ বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ৭৫ কোটি ১০ লাখবার যোগাযোগ করে তৃতীয়। এ যোগাযোগ আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো প্রতিক্রিয়াকে বোঝানো হয়—অনুসারীদের লাইক, মন্তব্য, শেয়ার, পোস্ট, টুইট, রিটুইট থেকে শুরু করে যেকোনো ধরনের কার্যকলাপ ও প্রতিক্রিয়া।

তবে এই তিন তারকার কল্যাণে তাঁদের ক্লাবের লাভ হয়েছে। রোনালদো এ বছর আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে অনুসারীর সংখ্যা বেড়েছে ইউনাইটেডের। টকওয়াকারের হিসাব অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাঙ্কিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডই শীর্ষে, দুইয়ে মেসি ও নেইমারের পিএসজি।

চমকে দিয়েছেন কোচেরা। ফুটবলে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২১ সালে সর্বোচ্চ প্রভাব ফেলা তিন কোচই ইতালিয়ান—রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, জুভেন্টাসের সাবেক কোচ আন্দ্রেয়া পিরলো ও টটেনহামের কোচ আন্তনিও কন্তে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ২ কোটিবার নানাভাবে যোগাযোগ হয়েছে আনচেলত্তির। এর মধ্যে ১ কোটি ২৮ লাখবারই ইনস্টাগ্রামে। পিরলো ১ কোটিবার, এর মধ্যে ৭৮ লাখবার ইনস্টাগ্রামে, ২০ লাখবার ফেসবুকে ও ৩ লাখ ৫৪ হাজারবার টুইটারে। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্তের যোগাযোগসংখ্যা ৭৫ লাখবার।