সামাদ অনিশ্চিত, উদ্বিগ্ন আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই আবাহনীর বড় রক্ষণস্তম্ভ ইউসুফ সামাদ। ঘানাইয়ান এই স্টপার রক্ষণে থাকলে বাড়তি ভরসা পান সতীর্থরা। কিন্তু ভিসা-সংক্রান্ত সমস্যায় এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের বিপক্ষে খেলতে পারেননি সামাদ। তবু কলকাতার পরাশক্তির জালে আগে বল পাঠিয়েছিল আবাহনী। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণদুর্বলতায় আকাশি-নীল দল হেরেছে ৩-১ গোলে। আবাহনীর জন্য আরও দুঃসংবাদ, সামাদ তৃতীয় ম্যাচেও অনিশ্চিত।
বেঙ্গালুরু এফসির সঙ্গে ১৮ এপ্রিলের অ্যাওয়ে ম্যাচটা খেলতে সামাদকে ঢাকায় রেখেই আজ বেঙ্গালুরু যাচ্ছে আবাহনী। দলের অন্য সবার ভিসা হয়েছে, গতকাল পর্যন্ত সামাদের ভিসাই শুধু হয়নি। আজ ভিসা পেলে আগামীকাল যাবেন সামাদ। আগামীকাল পেলেও হয়তো যেতে পারবেন। কিন্তু এ সময়ের মধ্যে ভিসা পাওয়ার ব্যাপারে নিশ্চিত নয় আবাহনী।
সামাদ খেললে রক্ষণের চেহারা এক রকম হবে, না খেললে আরেক রকম। সামাদকে পেলে ইয়াছিনকে স্টপার থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে। গত ম্যাচে এই পজিশনে খেলানো হয় উইংব্যাক রায়হানকে। রায়হান-ইয়াছিনের কেউই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে অভ্যস্ত নন। কিন্তু নড়বড়ে আবাহনীকে ঠেকা কাজ চালিয়ে নিতে হচ্ছে রায়হান-ইয়াছিনদের নিয়েই।
আবাহনী এমন অবস্থায় পড়েছে পাঁচজন খেলোয়াড় দল ছেড়ে যাওয়ায়। আগেই দল ছেড়েছেন গত মৌসুমের সেরা খেলোয়াড় লি টাক। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুকে তাই হতাশ কণ্ঠে বলতে হয়, ‘গত মৌসুমের দলটা থাকলে এএফসি কাপে আমাদের ফল অন্য রকম হতে পারত। আমরাই হয়তো গ্রুপের শীর্ষে থাকতাম।’
লি টাকের অভাব পূরণ হচ্ছে না। তাঁর সঙ্গে গতবার ইমন বাবু ছিলেন মাঝমাঠে। ইমন বাবুর চোট থাকায় গত ম্যাচ খেলেননি, এই ম্যাচেও তিনি নেই। তাই এএফসি কাপে আবাহনী ক্ষয়িষ্ণু এক দলে পরিণত হয়েছে। মাঝমাঠে বিকল্প ছিলেন প্রাণতোষ, বাবার মৃত্যুর পর পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে দুই দিন আগে ঢাকায় ফিরলেও তাঁর ফিটনেসে ঘাটতি আছে।
মোহনবাগান ম্যাচে জোনাথন ডেভিড ছিলেন প্লে-মেকারের ভূমিকায়, ভালোই খেলেছেন গ্যারেথ বেলের একসময়ের সতীর্থ ব্রিটিশ ফুটবলার। মোহনবাগানের সঙ্গে দলকে প্রথম গোলও এনে দেন ডেভিড। বেঙ্গালুরুর বিপক্ষে মাঝমাঠে ডেভিড ও সোহেল রানা খেলবেন। ৫-৩-২ ছকে আরেক মিডফিল্ডার কে হবেন, সেটা গতকালও ঠিক করতে পারেনি আবাহনী। ওপরে এমেকার সঙ্গে থাকছেন আগের ম্যাচে ভালো খেলা জীবন।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ, বেঙ্গালুরুর বিপক্ষে তাই রক্ষণাত্মক কৌশলই নিতে চায় আবাহনী। যদিও রক্ষণভাগ নিয়ে প্রশ্ন থাকছেই। ঢাকায় এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়ার সঙ্গে প্রায় ৭০ শতাংশ বল পজেশন রাখার পরও ভঙ্গুর রক্ষণের কারণেই দুই গোল খেয়েছে আবাহনী। দলের ক্রোয়াট কোচ দ্রাগো মামিচ তাই বারবার বলছেন, ‘রক্ষণটা ভালোভাবে সামলাতে হবে আমাদের।’ টানা তৃতীয় ম্যাচে পরাজয় এড়ানোর চাবিকাঠিও ওখানেই।