সাম্পাওলি-সিমিওনে? জাদু তো দেখাচ্ছেন পচেত্তিনো!

ডিয়েগো সিমিওনে, হোর্হে সাম্পাওলি মাউরিসিও পচেত্তিনো। এই তিনজনের মধ্যে মিল কোথায়? একটা বড় মিল, তিনজনই আর্জেন্টাইন কোচ। আরেকটা মিল, তিনজনই তারকায় ঠাসা নয় এমন দল নিয়েই জাদু দেখাচ্ছেন।
চতুর্থ বছরে তৃতীয়বারের মতো অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন সিমিওনে। এর মধ্যে ফাইনাল খেলেছেন দুবার। চিলির মতো দলকে মহাদেশ–সেরা বানিয়ে হোর্হে সাম্পাওলি এবার সেভিয়াকে আবারও চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় নিয়ে গেছেন। তবে আসল জাদু তো দেখাচ্ছেন পচেত্তিনো। তাঁর জাদুতে পৃথিবীর সবচেয়ে কঠিন লিগে দুর্দান্ত গতিতে ছুটছে টটেনহাম। নামে-ঐতিহ্যের ধারে-ভারে যারা ইংল্যান্ডের প্রথাগত দলগুলোর সঙ্গে টক্কর দিতে পারবে না সেভাবে।
কিন্তু নতুন যুগের আভাস দিতে দিতে অবশেষে যেন সেই যাত্রা শুরু করে দিয়েছে টটেনহাম। এর সাক্ষী হয়ে থাকল কালকের ম্যাচটিও। লিগে কাল টানা নবম জয় তুলে নিয়েছেন স্পাররা। আর্সেনালকে হারিয়েছে ২-০ গোলে। মাত্র চার মিনিটের এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে আর্সেনাল। ৫৫ মিনিটে ডেলে আলির গোলের পর ৫৮ মিনিটে হ্যারি কেনের পেনাল্টি।
আর এই জয়ে লিগ টেবিলে এখনো চেলসিকে টক্কর দিয়ে যাচ্ছে টটেনহাম। ৪ পয়েন্টের ব্যবধান। সামনের ১২ পয়েন্টের মধ্যে দুই ম্যাচে চেলসি গড়বড় করে ফেললেই ছবিটা বদলে যাবে। গত ছয় ম্যাচের দুটিতে হারা চেলসি পা হড়কাবে কি না, তা বলা কঠিন। তবে পচেত্তিনো সেই কবে থেকেই বলে আসছে, লিগের লড়াই শেষ হয়নি। এমনকি চেলসি এক মাস আগেও ১০ পয়েন্টেও এগিয়ে ছিল যখন, তখনো।
কাল আর্সেনালকে হারিয়ে আবারও সেই হুংকার দিলেন পচেত্তিনো। বললেন, ‘আমরা এখনো শিরোপার দৌড়ে ভালোমতোই আছি। ওদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছি, আর এখনো চার ম্যাচ বাকি। ফুটবল দুনিয়ায় কত কিছুই তো হয়। দেখা যাক পরের সপ্তাহে কী ঘটে।’
শিরোপার লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। ১৯৬১ সালের পর টটেনহাম লিগ শিরোপাই জেতেনি। তবে একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে, ১৯৯৫ সালের পর এই প্রথম আর্সেনালের ওপরে থেকেই লিগ শেষ করব তাদের শহর প্রতিদ্বন্দ্বীরা। লিগ শিরোপার দরকার নেই, পারলে এখনই টটেনহাম সমর্থকেরা পচেত্তিনোর আবক্ষ মূর্তি বানিয়ে দেয়। আর্সেনালের ওপরে থেকে লিগ শেষ করতে পারাটাই যেন তাদের জন্য অনেক বড় অর্জন।
এর আগে বহুবার সেই সম্ভাবনা জাগালেও কীভাবে কীভাবে যেন ঠিকই মৌসুম শেষে আর্সেনালের পেছনেই গিয়ে নিজেদের আবিষ্কার করত স্পাররা। ২২ বছর পর এবার গল্পটা অন্য রকম হলো। এত দিন পর যে সত্যিকারের এক জাদুকরের খোঁজ পেয়েছে টটেনহাম। মাত্র ৪৫ বছর বয়সে পচেত্তিনোও যেন আভাস দিচ্ছেন আরও বড় কোনো বাতিঘরের।