সাম্পাওলিকে সমালোচনার তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী লেখা আছে মেসি-দিবালাদের কপালে? শেষ দুটি ম্যাচ জিতে রাশিয়ায় যেতে পারবেন তাঁরা? নাকি ১৯৭০-এর পর এই প্রথম হবে আর্জেন্টিনাবিহীন ২০১৮ বিশ্বকাপ! ফুটবল-বিশ্বে যখন এই নিয়ে জল্পনা-কল্পনা চলছে, দলের এই দুর্দশার জন্য কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনা করছেন আর্জেন্টিনার সাবেক কোচ আর খেলোয়াড়েরা।

সাবেক কোচ সিজার লুইস মেনোত্তি সাম্পাওলির উদ্দেশে বলেছেন, সেভিয়াকে কোচিং করানো আর আর্জেন্টাইন দল সামলানো এক নয়! আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো এই কোচ ভেনেজুয়েলার সঙ্গে ড্রটি কিছুতেই মেনে নিতে পারছেন না, ‘সত্যি, এটা খুব হতাশার। ভেনেজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি আমি। কারাকাসে জিতেছিলাম ৭-০ গোলে আর রোজারিওতে ১১-০-তে। দুই ম্যাচে ১৮ গোল। আর এখন ভেনেজুয়েলাকে হারানোই কঠিন আমাদের জন্য। এসব আমাদের জন্য ভালো নয়।’

দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সেরাটা সাম্পাওলি বের করে আনতে পারছেন না বলে মনে করেন মেনোত্তি, ‘মেসি এখন মাঠে আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন থাকে। আগে সে ওর চারপাশে থাকা খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি বল পেত। ফুটবলটা ট্যাঙ্গো নাচের মতো। পুরোটা সময় দৌড়াতে পারবেন না আপনি। ফুটবলে থামার সময় আছে। গতি বাড়ানোর সময়ও আছে। আছে ছন্দ।’

সাম্পাওলি আর্জেন্টিনার অনুশীলনে ড্রোন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। কিন্তু এসব করে বিশেষ কোনো লাভ হচ্ছে না বলে মেনোত্তি খানিকটা বিরক্ত, ‘তারা ড্রোন ব্যবহার করছে। বড় বড় কথা বলছে। ১৪ জন মিলে কাজ করছে।’ আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্লদিও বর্গি তো সাম্পাওলিকে বলেছেন ‘ধোঁকাবাজ!’ বর্গির দাবি, এসব শুধুই ছলনা, ‘এ দেশে অনেকেই অনেক কিছু বিক্রি করে, সেও আমাদের ধোঁকা দিচ্ছে। সে তিনটি ড্রোন ও চারটি ক্যামেরা বসিয়ে অনেককেই মুগ্ধ করেছে, কিন্তু এটাই আমাকে ভাবিয়েছে। সে ভালো কোচ কিন্তু মানুষ হিসেবে আমি তাকে পছন্দ করি না।’

সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে পাওয়া গোলটিতে বাছাইপর্বে আর্জেন্টিনার ৩০৯ মিনিটের গোল-বন্ধ্যাত্ব কেটেছে। তবে গোলটি মেসি-দিবালাদের কারও ছিল না। ওটা ছিল ভেনেজুয়েলারই আত্মঘাতী গোল! এ মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনা গোল-খরা কাটিয়ে শেষ দুটি ম্যাচ কি জিততে পারবে? পেরুর বিপক্ষে পরের ম্যাচটি ঘরের মাঠে। কিন্তু শেষ ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে তারা খেলবে প্রায় সাড়ে ৯ হাজার ফুট উঁচু কিটোতে।

দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাবে চারটি দল। পঞ্চম স্থানে থাকা দলটিকে জায়গা করে নিতে হবে প্লে-অফ খেলে। এএফপি, এএস।