সাম্বা ডি'অর জিতলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটি গত বছরের ট্রফি হাতে পাওয়ার পর, ফেব্রুয়ারিতেই ট্রফির সংখ্যা দুটি হচ্ছে নেইমারের। সংগৃহীত ছবি
এই ছবিটি গত বছরের ট্রফি হাতে পাওয়ার পর, ফেব্রুয়ারিতেই ট্রফির সংখ্যা দুটি হচ্ছে নেইমারের। সংগৃহীত ছবি

ক্লাবের হয়ে পাঁচ পাঁচটি শিরোপা জিতেও ক্ষান্ত হচ্ছেন না নেইমার। দলীয় সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত স্বীকৃতিও মিলছে তাঁর। প্রথমবারের মতো ব্যালন ডি’অরের শীর্ষ তিনে আছেন নেইমার। মর্যাদার এই পুরস্কারটা কী জিতবেন তিনি? হয়তো এবারই মেসি-রোনালদোকে ডিঙিয়ে বর্ষসেরা হওয়া সম্ভব হবে না তাঁর, তবে “সাম্বা ডি’অর” জেতার পথে নেইমারের পথে বাধা হতে পারেননি কেউই। টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বার্সেলোনার হয়ে স্বপ্নের মতো এক বছর কাটিয়েছেন নেইমার। মেসি ও সুয়ারেজকে সঙ্গী করে বার্সেলোনার হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্য মিলিয়ে নেইমারকে ইতিমধ্যেই ফুটবলের ভবিষ্যৎ বিশ্বসেরা ভাবা হচ্ছে। বছর জুড়ে নেইমারের এমন পারফরম্যান্সের পর সাম্বা ডি’অর অবশ্য অন্য কারও জেতার কথাও না। ইউরোপিয়ান ফুটবলে খেলছেন এমন ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়। গত বছরও এ পুরস্কার জিতেছিলেন বার্সা তারকাই। গতবার তবুও খানিকটা কাছে ধারে ঘেঁষতে পেরেছিলেন অন্য প্রতিযোগীরা। এবার কিন্তু নেইমারের ধারেকাছেই আসতে পারেননি অন্য কেউ।

প্রায় দুই লাখের বেশি ভোট গণনার শেষে দেখা গিয়েছে, ৩৭.৮৭ শতাংশ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে নেইমার। দ্বিতীয়স্থানে থাকা ডগলাস কস্তা পেয়েছেন ১৩.৩ ভাগ ভোট। আর ফেলিপে মেলোর কপালে মিলেছে ৯.৩৯ ভাগ ভোট।

নেইমার অবশ্য পুরস্কারটি হাতে পাবেন ফেব্রুয়ারিতে। গত বছরের মতো এবারও বার্সেলোনাতেই তাঁর হাতে তুলে দেওয়া হবে সাম্বা ডি’অর।