সাম্বার শেষ কি দেখে ফেলল ব্রাজিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি বিশ্বকাপ, আরেকটি হতাশা। ছবি: রয়টার্স
আরেকটি বিশ্বকাপ, আরেকটি হতাশা। ছবি: রয়টার্স
>রাশিয়া বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফলে সেমিফাইনালে একটি লাতিন দলও টিকে থাকল না। লাতিনের শেষ ভরসা ছিল ব্রাজিল। সেলেসাওদের সেই জাদু কি তবে হারিয়ে গেল?

বিশ্বকাপের সব আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা দলও তারা। ২০০২ সালে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে আরও ৪টি বিশ্বকাপ। কিন্তু ব্রাজিলের মিশন হেক্সা সফল হয়নি। রাশিয়া বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। অথচ এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল নেইমার-কুতিনহোদের। শেষ পর্যন্ত কাগুজে বাঘ হয়েই বিদায় নিল ব্রাজিল।

আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, পেরুর বিদায়ের পর বিশ্বকাপে লাতিন আমেরিকার শেষ ভরসা হয়ে ছিল ব্রাজিল। সেই ব্রাজিলও যখন হতাশ করল, প্রশ্ন উঠে গেছে তাদের জাদু কি তবে শেষ হয়ে গেল? যেই সাম্বার মোহিত ছন্দে তারা মাতিয়ে রেখেছিল বিশ্বকে, যে ব্রাজিলের বিপক্ষে খেলার আগে ভয়ে শিরদাঁড়া কেঁপে উঠত প্রতিপক্ষের, সেই ব্রাজিলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কী হলো ব্রাজিলের?

ব্রাজিল-সমর্থকদের কাছে বিশ্বকাপ ফাইনাল হারা মানেও ব্যর্থতা, সেই ব্রাজিলই ২০০২ বিশ্বকাপের পর একবারও খেলতে পারেনি ফাইনাল! তিনবার বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেই ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবেন প্রত্যেক ব্রাজিলিয়ানই।

পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদো, রোনালদিনহোদের ব্রাজিল ছিল যেন এক অন্য গ্রহের। তাঁদের ব্রাজিল কেবল যে বিশ্বকাপই জিতেছিল তা নয়, ফুটবলকে যে শিল্পে পরিণত করা যায়, সেটি দেখিয়েই বিশ্বজয় করেছিল সেই দলগুলো। অথচ রাশিয়া বিশ্বকাপসহ গত চারটি বিশ্বকাপের ব্রাজিল যেন সেই ব্রাজিলের অপভ্রংশ।

না, শক্তিমত্তায় ব্রাজিলের এই দল নিয়েও কোনো ধরনের সমস্যা নেই। নেইমার, কুতিনহো, জেসুস, ডগলাস কস্তারা কোনো মরীচিকা নন। প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেই এই পর্যায়ে এসেছেন। তবু কেন পারল না ব্রাজিল?

কাল বেলজিয়ামের বিপক্ষে পুরোটা ম্যাচই এমন উদ্বেগে কাটিয়েছেন ব্রাজিল-সমর্থকেরা। ছবি: রয়টার্স
কাল বেলজিয়ামের বিপক্ষে পুরোটা ম্যাচই এমন উদ্বেগে কাটিয়েছেন ব্রাজিল-সমর্থকেরা। ছবি: রয়টার্স

লাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনার মতো ব্রাজিলেরও ঘন ঘন কোচ বদলানোর অভ্যাস রয়েছে। আর্জেন্টিনার ক্ষেত্রে ব্যাপারটি বুমেরাং হিসেবে কাজ করলেও ব্রাজিলের জন্য প্রতিবারই নতুন আশা জাগিয়েছে। গত ৫ বছরে স্কলারি, দুঙ্গা কিংবা তিতে—যিনিই এসেছেন, নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন। তিতের অধীনে তো সেই চিরচেনা ব্রাজিলকেই দেখা যাচ্ছিল। ফলে রাশিয়া বিশ্বকাপ জয়ের কারিগর হিসেবে তিতেকেই দেখছিলেন সবাই। সেই তিতেও পারলেন না।

তিতেকে আসলে পারতে দিল না ইউরোপ। ১৯৯০ বিশ্বকাপের আগ পর্যন্ত ইউরোপ, লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সমতাই ছিল। ১৯৯০ বিশ্বকাপ থেকে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত সাতটি বিশ্বকাপের কেবল দুটি ব্রাজিল জিতেছে, বাকি পাঁচটিই গেছে কোনো ইউরোপিয়ান দেশের কাছে। রাশিয়া বিশ্বকাপ তো নিশ্চিতভাবেই ইউরোপে থাকছে। টিকে থাকা সব দলই যে ইউরোপের।

ইউরোপিয়ান ফুটবলের এই উত্থান কি আচমকাই? না। দৃষ্টি একটু প্রসারিত করলেই বিরাট এক চিত্র চোখে পড়বে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল গত ২৫ বছরে এত বেশি উন্নতি করেছে যে অন্যান্য দেশের লিগগুলোর থেকে তারা যোজন-যোজন এগিয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ইউরোপের ফুটবলকে করেছে আরও শক্তিশালী।

চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপের বড় লিগগুলোতে লাতিন আমেরিকার ফুটবলাররাও খেলেন, কিন্তু একটি দেশের লিগ পদ্ধতি যদি শক্তিশালী হয়, সেই লিগ থেকে সবচেয়ে বেশি লাভের ফসলটা কিন্তু ওই দেশটাই তুলে নেয়।

ইউরোপের ফুটবলে শারীরিক শক্তিমত্তা, ক্রীড়াবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান বিষয়গুলো এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এখন লাতিন দেশগুলো চাইলেও সেগুলোর সঙ্গে টক্কর দিতে পারবে না। এত টাকা ব্যয় করার সামর্থ্যই যে লাতিন দেশগুলোর নেই।

ইউরোপের বিভিন্ন দেশের কোচরা এখন বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করিয়ে থাকেন। অন্য দেশগুলোর ফুটবল সংস্কৃতির সঙ্গেও তাদের পরিচয় ঘটছে। যেটি জাতীয় দলের ক্ষেত্রে ভীষণ কাজে দিচ্ছে। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের বড় দলগুলোর কোচরাই যেমন পর্তুগাল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তি দেশগুলো থেকে এসেছেন। ব্রাজিলকে হারানো বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজই যেমন স্প্যানিশ।

ব্রাজিলের প্রতিভার অভাব নেই। প্রতিটি প্রজন্মেই একজন করে মহাতারকা তৈরি হয়েছে ব্রাজিল থেকেই। প্রতিবছরই শত শত ফুটবলার ব্রাজিল থেকে ইউরোপে খেলতে যায়, সেখানে খেলে একেকজন তারকা তৈরি হয়। এভাবেই ব্রাজিল নিজেদের ফুটবল সংস্কৃতি, ঐতিহ্য সৃষ্টি করেছে। এভাবেই ব্রাজিল নিজেদের সর্বকালের সেরা ফুটবল খেলুড়ে দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এভাবেই বিশ্বকাপ শেষ হলো নেইমারদের। ছবি: রয়টার্স
এভাবেই বিশ্বকাপ শেষ হলো নেইমারদের। ছবি: রয়টার্স

প্রত্যেক ব্রাজিলিয়ানের মতোই ফুটবলের সামান্য খোঁজ রাখা মানুষটিও জানেন, ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ব্রাজিলের এই প্রজন্মের খেলোয়াড়েরা জানেন, সেই পাঁচটি বিশ্বকাপের একটিও তাঁদের অর্জিত নয়। এই মানসিক বাধাই ব্রাজিলের বর্তমান প্রজন্মকে পিছিয়ে রাখছে বিশ্বকাপজয়ী ব্রাজিলগুলোর থেকে। প্রশ্ন আসে, বিশ্বকাপ জেতার আগে তো সেই দলগুলোর ওপরও একই চাপ ছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সেই দলগুলোর ক্ষেত্রে প্রতিবারই বিশ্বকাপ জেতার সংখ্যা একটি করে কম ছিল। কিন্তু এই ব্রাজিলের ওপর যে পাঁচবার বিশ্বকাপ জয়ের ছায়া, যেটি একই সঙ্গে গর্বের, সেই সঙ্গে পূর্বসূরিদের কীর্তিকে ছাপিয়ে যাওয়ার পাহাড়সম চাপের।

নিজেদের মিশন হেক্সা পূরণ করতে আরও চার বছর অপেক্ষা করতে হবে ব্রাজিলকে। কাতার বিশ্বকাপে নিজেদের সর্বশেষ বিশ্বকাপ জেতার ২০ বছর পূর্ণ হবে তত দিনে। দিন দিন ইউরোপমুখী হওয়া ফুটবলে নিজেদের রাজত্ব পুনরায় স্থাপন করতে হলে কাতার বিশ্বকাপ জেতা ছাড়া ব্রাজিলের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। পারবে সেলেসাওরা?