সারা জীবনের গল্প পেয়ে গেছে তারা

একের পর এক রূপকথা জন্ম দিয়ে চলেছে প্রথমবারের মতো প্রথম ফুটবলের বড় কোনো টুর্নামেন্টে খেলতে আসা আইসল্যান্ড। রাগনার সিগুর্ডসন ও কোলবেইন সিগথরসনের গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কাল তারা উঠে গেছে ইউরোর কোয়ার্টার ফাইনালে। কত দূর যেতে পারবে আইসল্যান্ড, উত্তর তোলা থাক সময়ের হাতেই। তবে বাকি জীবনে গল্প করার মতো রসদ পেয়ে গেছেন সিগুর্ডসন-সিগথরসনরা। অথচ চার বছর আগে বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল ১৩০-এর ঘরে। সেখান থেকে ইউরোর কোয়ার্টার ফাইনালে এখন তারাই! আর যে উজ্জীবিত ফুটবল তারা খেলছে, কাল পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচটা জিতে নিল, আইসল্যান্ড আরও কী রূপকথার জন্ম দেয়, সেটাই দেখার।
অবশ্য এরই মধ্যে তারা যা করেছে, সেটাই তো যথেষ্ট। বাছাইপর্বে হল্যান্ডের মতো দলকে ছিটকে দিয়ে চূড়ান্ত পর্বে আসা। গ্রুপ পর্বে রোনালদো পর্তুগালকে আটকে দেওয়া। এবার কোয়ার্টার ফাইনাল। অথচ এই দলের খেলোয়াড়দেরই কেউ সেভাবে চিনত না কদিন আগেও।
অন্যদিকে ইংলিশ দলটায় কত নামীদামি তারকা! ম্যাচের আগে নিশ্চিত এগিয়ে ছিল রয় হজসনের দলই। আইসল্যান্ডকে হারানো কোনো ব্যাপার—রুনিদের হাবভাবেও নাকি এমনটাই ফুটে উঠেছিল! ম্যাচের পর মনে করিয়ে দিয়ে আইসল্যান্ডের জয়ের অন্যতম নায়ক সিগুর্ডসনের মুখে যেন বিস্তৃত হাসি, ‘ওরা ভেবেছিল ম্যাচটা অনায়াসে জিততে পারবে, যেন পার্কে বেড়াতে এসেছে।’
ইউরো থেকে ইংলিশদের বিদায় করে আনন্দে ভাসছে ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ড। এ সাফল্যে উচ্ছ্বসিত দলের অধিনায়ক অ্যারন গানারসন, ‘এটা এক গর্বের মুহূর্ত। সারা জীবন গল্প করার মতোই বিষয়। আমাদের বিশ্বাস ছিল পারব।’
ওয়েইন রুনির পেনাল্টিতে এগিয়ে গিয়েও এমন হার মানতে পারছেন না হজসন। পরাজয়ের দায় স্বীকার করে ৬৮ বছর বয়সী ইংলিশ কোচ পদত্যাগ করেছেন দল থেকে, ‘আজকের ফলে অবশ্যই ভীষণ হতাশ। এতে টুর্নামেন্ট থেকে আমরা ছিটকে পড়েছি। আমাদের যতটা সামর্থ্য আছে ভেবেছিলাম, সে অনুযায়ী এগোতে পারিনি। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’
হতাশা ছুঁয়ে যাচ্ছে রুনিকেও। তবে ইংলিশ তারকা ঢাল হয়ে দাঁড়াচ্ছেন কোচের সামনে, ‘এটা আমাদের জন্য অস্বস্তিকর। জানি আমরা ভালো দল। তবে আপনি বলতে পারেন না এটা রয় হজসনের কিংবা কোনো খেলোয়াড়ের ভুল। আমরা সবাই এক হয়ে খেলেছি। কাজেই সবার দায়িত্ব ভাগ করে নিতে হবে।’