সালমানকে নিয়ে বিভক্ত আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি নির্বাচনের দৌড়ে নিজেকে একটু অগ্রগামীই দেখতে পাচ্ছিলেন শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। এশিয়ার প্রার্থী হয়েও যে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সমর্থন পেয়েছিলেন সালমান। ২০৯ ভোটের এই নির্বাচনে সর্বোচ্চ ৫৪টি ভোট সিএএফের। সঙ্গে এশিয়ার ৪৬ ভোট যোগ হলে তো অন্য প্রার্থীদের ধরাছোঁয়ার বাইরেই চলে যান তিনি! তবে কাল একটা ধাক্কা খেলেন সালমান। দক্ষিণ সুদান জানিয়েছে, তাদের ভোট পাচ্ছেন সালমানের মূল প্রতিদ্বন্দ্বী উয়েফার জিয়ান্নি ইনফান্তিনো।
শুধু দক্ষিণ সুদান নয়, মধ্য আফ্রিকার আরও ৭টি দেশ জানিয়েছে তাদেরও পছন্দের প্রার্থী ইনফান্তিনো। দক্ষিণ আমেরিকাও তাদের সমর্থন দিয়ে রেখেছে ইনফান্তিনোকে। এরই মাঝে আফ্রিকার এমন বিভক্তিতে গুরুত্ব বেড়ে যাচ্ছে কনক্যাকাফ অঞ্চলের ৩৫টি ভোটের। এএফপি।