ফুটবল অঙ্গনে যেন তীব্র ভূমিকম্প!
সেই ভূমিকম্পে কাজী সালাউদ্দিনও খানিক কম্পমান। ভারতের মতো বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের প্রস্তাব বাফুফে সভাপতির ভাবনার জগতে নতুন দুয়ারই খুলে দিয়েছে। তবে এই লিগ নিয়ে অনেকে রঙিন স্বপ্ন দেখলেও সালাউদ্দিনের পা বাস্তবতার জমিনেই। তাই পরশু কলকাতাভিত্তিক ভারতীয় ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামীর দেওয়া প্রস্তাবটা পাওয়ার পর উচ্ছ্বাসে ভেসে যাননি।
এমনিতে বাকপটু সালাউদ্দিন এমনকি এ নিয়ে কথা বলতেও খুব একটা স্বচ্ছন্দ নন। নিজেই জানালেন, ফ্র্যাঞ্চাইজি লিগের খবর চাউর হতেই পরশু রাতে মুখে কুলুপ এঁটেছেন। সাংবাদিকদের ফোনই ধরেননি অনেকটা সময়। একটা সময় নাকি দেখেন ১৮টি মিসড কল!
প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি লিগের বিশালত্ব, সঙ্গে ডিয়েগো ম্যারাডোনা...সব মিলিয়েই সংবাদমাধ্যমে ব্যাপক আগ্রহ। কিন্তু সালাউদ্দিন তাতে গা ভাসাতে রাজি নন, ‘প্রস্তাব একটা পেয়েছি। এ পর্যন্তই জানি। বললেই তো আর এমন একটা মহাযজ্ঞ হয়ে যায় না।‘ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাঁর ব্যক্তিগত কিছু অভিমতও জানালেন। একপর্যায়ে টেনে আনলেন ইউরোপের প্রসঙ্গ, ‘ইউরোপে তো এ ধরনের আয়োজন হয় না।’
ইউরোপ অনেক এগিয়ে। সেখানে সবই আছে। বাংলাদেশ তো হাজার মাইল পিছিয়ে। কাজেই বাংলাদেশে ফুটবলে সাড়া তুলতে এমন একটা আয়োজন করলে ভালোই। ভারত তো করেছে।
এক সাংবাদিকের মুখে কথাটা শুনে বাফুফে সভাপতি উত্তরটা যেন সাজিয়েই রেখেছিলেন, ‘ভারতকে উদাহরণ মানতে চাই না। আমি ফলো করি ইউরোপকে। কারণ ইউরোপ উঠে এসেছে পরিপূর্ণ ফুটবলীয় চর্চা করে। আমরাও চাই সেভাবেই এগোতে। উন্নতি করার জন্য সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই।’
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে তাঁর কথা, ‘এ জাতীয় আয়োজন ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়।’ কেন পছন্দ নয় দিলেন সেই ব্যাখ্যাও, ‘ফুটবল মাঠে রুপালি পর্দা বা অন্য খেলার তারকা এনে কিছু করার আগ্রহ কখনো আমার ছিল না। ফুটবল মাঠে তারকা হবে ফুটবলার, তাদের খেলা দেখতে লোকে মাঠে আসবে। নাচ-গান আর ধুমধাড়াক্কা কিছু করে আসর জমানোর কথা আমি চিন্তাই করতে পারি না।’
তাহলে কি বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ করতে আগ্রহী নন সালাউদ্দিন? এবার তাঁর কণ্ঠ ধীরস্থির, ‘এখন আমরা একটা কমিটি করে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ করার সম্ভাব্যতা যাচাই করব। তারপর সিদ্ধান্ত।’ সিদ্ধান্ত কী হতে পারে সেই আভাসও দিলেন। যদি সব ইতিবাচক হয়, বিপণন প্রতিষ্ঠান করতে পারলে ‘না’ করবেন না।
তবে ফিফা প্রীতি ম্যাচের দিনে জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের স্বত্ব পাওয়ার যে আবেদন করেছে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ, সেটিতে নিশ্চিত করেই সাড়া দেওয়ার কথা জানালেন। এক ফাঁকে দিলেন বঙ্গবন্ধু কাপ নিয়ে একটা খবর, ‘সব দিক বিবেচনা করে গোল্ডকাপটা ১০-১২ দিন পেছানোর চিন্তা করছি’। অবশ্য বলতে ভুললেন না, এখন পর্যন্ত ১৬-২৭ জানুয়ারি টুর্নামেন্টের সূচি বহাল আছে।