সালাউদ্দিন রাজি, রাজি কোটানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ কোটান রাজি। বাফুফে সভাপতিও তাঁকে আনতে চান। সুতরাং অস্ট্রিয়ান কোচকে পুরোনো ভূমিকায় দেখা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল বলেছেন, ‘কোটানকে কোচ করলে আমার আপত্তি নেই। সেটা আমি জাতীয় দল কমিটিকে জানিয়ে দিয়েছি।’ জাতীয় দল কমিটি পরশু সভায় বসে কোটানের সম্মতি সাপেক্ষে তাঁর হাতে ভুটান বিপর্যয় পরবর্তী কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কাল সালাউদ্দিনের কাছেই জানা গেল, কোটান সম্মতি দিয়েছেন। তবে সবকিছু চূড়ান্ত হওয়ার আগে সালাউদ্দিনের সঙ্গে তিনি বসতে চান। ‌সালাউদ্দিন বসবেন বলে জানিয়ে দিয়েছেন। আজ তাই জাতীয় দল কমিটির মুলতবি সভায় কোটানকে কোচ করার ব্যাপারে বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

সেই হিসেবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে কোটানের সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে। ২০০৩ সালে এই ভদ্রলোকই বাংলাদেশকে প্রথম সাফ শিরোপা এনে দেন। ক্লাব কোচিংও করিয়েছেন এ দেশে। আবাহনীকে ফেডারেশন কাপ ও লিগ জিতিয়ে সপ্তাহখানেক আগেই ঢাকা ছেড়েছেন।

সালাউদ্দিনের কথায় আভাস পাওয়া গেছে, কোটান খুব দ্রুতই ঢাকায় ফিরছেন। তাঁর ব্যাপারে বাফুফে সভাপতি আগে একটু অনাগ্রহী ছিলেন। তবে এবার তাঁকে কোচ করতে আগ্রহী হয়েছেন জাতীয় দল কমিটির পছন্দের কারণে। সালাউদ্দিন কাল বলেছেন, ‘যেহেতু জাতীয় দল কমিটি কোচ পছন্দ করেছে, তাদের ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। তারা যেটা ভালো মনে করেছে সেটাই হোক।’

কোটানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হচ্ছে না। বাফুফে সভাপতি বলেছেন, ‘মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ তো আছেই, ডিসেম্বরে সাফ ফুটবল পর্যন্তই আমরা তাঁর সঙ্গে চুক্তি করতে চাই।’