এত দিন বিচ্ছিন্নভাবে তাঁরা কথা বলতেন, কালই সবাই প্রকাশ্যে এলেন ‘ফুটবল বাঁচাও!’ স্লোগান নিয়ে। সেটিও এমন এক দিনে, যখন চট্টগ্রামে আয়োজিত জাঁকাল বিশেষ সাধারণ সভায় তিন বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করল বাফুফে।
ঢাকার একটি অভিজাত হোটেলে কাল একত্র হয়েছিলেন একঝাঁক সংগঠক ও সাবেক ফুটবলার। বাফুফের আসন্ন নির্বাচনে তাঁরা চান ক্ষমতার পরিবর্তন। বাফুফের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে এই পক্ষটি আলাদা পরিষদ গড়ে নির্বাচনে লড়াই করার আভাসও দিয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বন্ধু মনজুর কাদেরই মূলত সালাউদ্দিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কিছুদিন ধরেই তাঁর সঙ্গে সালাউদ্দিনের সম্পর্ক খারাপ। এ সুযোগ নিয়ে সালাউদ্দিনবিরোধী জোট শক্তি সঞ্চয় করে নেমে পড়ল ভোটের মাঠে। এই পক্ষের একজন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু কালকের অনুষ্ঠানে মনজুর কাদেরকে বাফুফের সভাপতি পদে নির্বাচন করার দাবি জানালেন। কাদের সরাসরি সম্মতি না দিলেও সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘ফুটবল বাঁচাতে ফেডারেশনে দক্ষ সংগঠক আনতে হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করব। তবে সভাপতি পদে নির্বাচন করব কি না সময়ই ঠিক করে দেবে।’
সালাউদ্দিনবিরোধী পক্ষে থাকা ক্ষুব্ধ সাবেক ফুটবলার ও সংগঠকদের বক্তব্যের সার কথা, ফুটবলার সালাউদ্দিন ছিলেন অনন্য উচ্চতার। কিন্তু সংগঠক হিসেবে তিনি পুরোপুরিই ব্যর্থ। তাঁর আট বছরের মেয়াদে ফুটবল এগিয়ে যাওয়ার বদলে রসাতলে গেছে। কোনো গঠনমূলক পরিকল্পনা নেই। কাজেই সালাউদ্দিনের সরে যাওয়া উচিত। বাফুফের আর্থিক অনিয়ম-দুর্নীতি নিয়ে নানা অভিযোগ তুলে বলা হয়েছে, বাফুফে বেহিসাবি খরচ করেছে। লুটপাট চলছে ফেডারেশনে। সাবেক ডিফেন্ডার শামসুল আলম মঞ্জু তীব্র আক্রমণ করতেও ছাড়েননি ব্যক্তি সালাউদ্দিনকে। সবারই মূল ক্ষোভ সালাউদ্দিনের ওপর।
মনজুর কাদেরকে সামনে রেখে এই জোটের নেতৃত্বে আছেন মোহামেডানের লোকমান হোসেন ভূঁইয়া, বাফুফের সাবেক কর্মকর্তা মনজুর হোসেন মালু, আরামবাগ ক্লাবের সভাপতি মোমিনুল হক সাঈদসহ আরও কয়েকজন। বক্তব্য রাখেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, শেখ আসলাম, আবদুল গাফফার, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদ, রুম্মন বিন ওয়ালী সাব্বিরসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন চুন্নু, খন্দকার ওয়াসিম ইকবাল মোহাম্মদ মহসীন প্রমুখ। তবে ছিলেন না সালাউদ্দিনবিরোধী পক্ষের গুরুত্বপূর্ণ মুখ সাবেক ফুটবলার গোলাম রব্বানী হেলাল।