সালাউদ্দিনের কাঠগড়ায় ফুটবলাররাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তানের বিপক্ষে জয়ের আশা নিয়ে উল্টো ৫ গোলে বিধ্বস্ত বাংলাদেশ। এমন হারে দেশের ফুটবল অঙ্গন বিস্মিত। আট বছর আগে বিশ্বকাপের বাছাইপর্বেই অবশ্য তাজিকদের মাটিতে ৫ গোলে হারের ক্ষত আছে। কিন্তু পরশু বাংলাদেশ দল এতগুলো গোল খাবে এটি বোধ হয় কেউই ভাবতে পারেননি।
বাফুফের সভাপতি হিসেবে প্রায় আট বছরের মেয়াদে জাতীয় দলের এমন হার দেখেননি কাজী সালাউদ্দিন। তিনি হতাশ এবং মর্মাহত, ‘আমি চরম হতাশ। এখনো মানতে পারছি না কীভাবে এমনটা হলো। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ গোলে হার মেনে নেওয়া যায়। কিন্তু তাজিকিস্তান তো অস্ট্রেলিয়া মানের দল নয়। তাহলে এমন হবে কেন! ফুটবল ফেডারেশনে আমার অধীনে জাতীয় দলের এটিই সবচেয়ে ভয়াবহ ও জঘন্য হার।’
তাজিকিস্তানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাত দিন আগে গেছে বাংলাদেশ দল। তারপরও ভরাডুবি কেন? কোচ ফাবিও লোপেজ ম্যাচের পর বলেছেন, ‘ঠান্ডা ও বৃষ্টির কারণে দল ভালো খেলতে পারেনি। এটাই মূল কারণ। প্রচুর মিস পাস হয়েছে। প্রতিপক্ষও খুব ভালো খেলেছে।’ অধিনায়ক মামুনুল ইসলামও কাল দুশানবে থেকে জানালেন, ‘এত ঠান্ডার মধ্যে খেলে আমরা অভ্যস্ত নই। তা ছাড়া ম্যাচের সময়ও বৃষ্টি হওয়ায় আমাদের অনেক সমস্যা হয়েছে। আমরা কেউই ভালো খেলতে পারিনি। খুব হতাশ হয়েছি, দুঃস্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে।’
তবে মাঠ, ঠান্ডা, বৃষ্টি ইত্যাদি সমস্যা মানতে তীব্র আপত্তি সালাউদ্দিনের। তাঁর কথা, ‘কোনো দলই এত আগে প্রতিপক্ষ দেশে যায় না। তবু ভালো ফলের আশায় আমরা বাড়তি অর্থ খরচ করে দলটাকে আগেই দুশানবে পাঠিয়েছি। ঠান্ডা, বৃষ্টি, টার্ফ এগুলো হারের অজুহাত হতে পারে না।’
শেষ বিচারে দায়টা ফুটবলারদেরই কাঁধেই এসে পড়ে। কারণ মাঠে তাঁরাই খেলেন। তাজিক-বিপর্যয়েও তাই ফুটবলারদের ব্যর্থতা সামনে এসে যাচ্ছে। সালাউদ্দিনও এই দিকেই আঙুল তুলছেন, ‘আমাদের দলটার ভিত্তিই খুব দুর্বল। স্কুল ছেলেদের মতো ভুল করেছে। প্রচুর মিস পাস দিয়েছে, আমাদের ডিফেন্ডারদের ভুলের কারণেই ওরা সহজে প্রথম গোলটা পেয়ে গেছে। ডিফেন্ডাররা আগেও দুর্বল ছিল, এখনো দুর্বল। গোটা দলটাকেই অপরিণত মনে হয়েছে।’
কোচের দল নির্বাচন, নানা পরীক্ষা-নিরীক্ষা, ঘরোয়া ফুটবলের বেঞ্চের খেলোয়াড়দের ওপর অতিরিক্ত আস্থা রাখা নিয়েও প্রশ্ন উঠছে। সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু যেমন বললেন, ‘অভিজ্ঞ খেলোয়াড়কে বসিয়ে রেখে ফরোয়ার্ডকে রক্ষণে এনে খেলানো মোটেও দলের জন্য ভালো হয়নি। কোচকে এটা বুঝতে হবে।’ শেখ রাসেল কোচ মারুফুল হকেরও একই কথা, ‘দলে জেনুইন লেফটব্যাক আছে, ওই পজিশনে ফরোয়ার্ড কোমলকে খেলানোর যুক্তি দেখছি না। তা ছাড়া স্টপার অভিজ্ঞ নাসিরউদ্দিন, ইয়াসিনদের বসিয়ে রাখা কেন? কেন রাইটব্যাক রায়হান স্টপার? সামগ্রিকভাবে কোচের দল নির্বাচন যথার্থ মনে করি না। মূলত এটাই এমন বাজে হারের কারণ।’
সালাউদ্দিন অবশ্য কোচের মাথার ওপর ছাতিই ধরছেন। কোচের ওপর দায় চাপাতে তিনি নারাজ, ‘কোচ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। কিরগিজস্তান ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কোচ তো সফল হয়েছেন। সেই ফুটবলাররাই তাজিকিস্তান ম্যাচে ব্যর্থ। তাহলে কোচ দায়ী কেন? আমি বলব, খেলোয়াড়দেরই দায় বেশি।’
একটা ম্যাচ খারাপ হলেই কোচকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তবে সালাউদ্দিন জানিয়ে দিলেন, চুক্তি অনুযায়ী সাফ পর্যন্তই কোচকে দেখবেন। এমনকি তাজিকদের সঙ্গে বাজে হারের কারণটাও জানতে চাইবেন না।