
সকালে হোটেল র্যা ডিসনে পা রেখে কাজী সালাউদ্দিন সমর্থকদের রীতিমতো ঘাবড়ে যাওয়া অবস্থা। এ কী! একটা লোকও তো নেই। সবাই প্রতিপক্ষ ‘বাঁচাও ফুটবলের’ লোকজন। গলায় কার্ড ঝোলানো এই মুখগুলো অচেনা। সর্বত্র এঁদের দাপট।
হোটেল লবির এক কোনায় বসে সালাউদ্দিনের মেয়ে কাজী সারাজিন ও তাঁর স্বামী, ছেলে আর ছেলের স্ত্রী। সবার মুখ শুকনো। তবে সারাজিনের জার্মান স্বামী অ্যালেক্স চেনা সাংবাদিক দেখে উঠে দাঁড়িয়ে বাংলায় বললেন, ‘যত কিছুই হোক আমি কিন্তু আশাবাদী। আমরা জিতব।’
সেই জয়ের আনন্দ অ্যালেক্স ভাগ করেছেন ফল ঘোষণার মুহূর্তে। সারাজিনের সঙ্গে পারলে তখন নেচে ওঠেন আনন্দে। এতক্ষণ চুপচাপ আর মন খারাপ করে থাকা সালাউদ্দিন সমর্থকেরা হঠাৎ জেগে উঠলেন। প্রাণ পেলেন দেহে। মুঠোফোনে মাকে আনন্দসংবাদটা দেওয়ার ফাঁকে প্রায় দৌড়াতে দৌড়াতে সারাজিন সাংবাদিকদের বললেন, ‘আজ সকালে আব্বাকে বলেছিলাম, তুমি জিতবে। তিনি একটি কথাও বলেননি। বুঝে নিয়েছিলাম টেনশনে আছেন। সব দূর হয়ে গেল, সবাইকে ধন্যবাদ।’
ওদিক ভেতরে তখন আবেগে কাঁদছেন সালাউদ্দিন। নির্বাচনকক্ষ থেকে সেটির ভিডিও চিত্র চলে এসেছে বাইরে। যেখানে দেখা গেল, টানা তৃতীয়বার বাফুফে সভাপতি পদে নির্বাচিত হওয়ার মাহেন্দ্রক্ষণে চোখ মুছছেন। সঙ্গে হারুনুর রশিদ, মহিউদ্দিন মহিসহ অনেকে কাঁদছেন।
আবেগঘন এমন মুহূর্তটা বারবারই মনে করিয়ে দিচ্ছিল, সালাউদ্দিনকে অনেক বড় বড় বাধা পেরোতে হয়েছে। কত অপমানজনক কথা বলা হয়েছে তাঁর বিরুদ্ধে! সকালবেলা বাফুফেতে নাকি বাজার করতে যান, বাড়িভাড়া দিতে পারেন না। ব্যক্তিগত এসব আক্রমণ সাপে বর হয়ে সালাউদ্দিনের পক্ষেই গেছে। ‘বাঁচাও ফুটবলের’ প্রধান মনজুর কাদের তাঁর একসময়ের বন্ধুকে বাফুফে থেকে সরাতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কাদের হারলেন সালাউদ্দিন নামটির কাছেই।
উপরন্তু কাল সকাল থেকে প্রচার করা হচ্ছিল, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন নাকি সমর্থন দিয়েছেন বাঁচাও ফুটবল পরিষদকে। এটিকে কেউ বলেছেন সত্য, কেউ গুজব। আ জ ম নাছির নিজে অবশ্য সমর্থন দেওয়ার ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। তবে নানা অঙ্ক আর সমীকরণ যে ছিল তা সত্যি। কিন্তু সেটা কাজে না লাগার কারণ হিসেবে সালাউদ্দিন পরিষদের এক সদস্যপ্রার্থী বলছিলেন, এত দিন এত গুজব ছড়িয়েছে যে, শেষ মুহূর্তে ফোরামের সমর্থনের ব্যাপারটা সত্যি হয়ে থাকলেও কেউ আর বিশ্বাস করেনি। এ যেন সেই রাখালের ‘বাঘ আইল’ গল্পের মতো ব্যাপার।
এই পক্ষের একজন প্রার্থী তো এমনও বলছিলেন, নানা মহলের চাপে ফোরামের এক শীর্ষ নেতা নাকি বলে বসেন, সালাউদ্দিনকে বুঝি আর জেতানো গেল না। কিন্তু ‘ওস্তাদের মার শেষ রাতের’ মতো ঘটল সবকিছু। নীরব ব্যালট বিপ্লবই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ছবি হয়ে থাকল। অনেকে এ জন্য চট্টগ্রামের মেয়রের শেষ পর্যন্ত সালাউদ্দিনের পক্ষে অটল থাকার কথা বলছেন।
তবে বহুল আলোচিত নির্বাচনটা চলে গিয়েছিল আশঙ্কার পর্যায়ে। অনেক টাকার খেলা হয়েছে, দুই হাতে অনেক প্রার্থী টাকা বিলিয়েছেন। সেই প্রলোভনে পা না দিয়ে সালাউদ্দিনকে বেশির ভাগ ভোটার বেছে নিলেন, যা বাংলাদেশের ফুটবলেরই এক বড় বিজয়। প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ ফুটবলের অঙ্গনের নন, এই নির্বাচন উপলক্ষে তাঁকে দৃশ্যপটে আনে বাঁচাও ফুটবল পরিষদ। সালাউদ্দিনের ৮৩ ভোটের বিপরীতে তিনি ৫০টি ভোট পেয়েছেন, এটা কিন্তু কম নয়। এই নির্বাচনে তাঁর পরাজয় হয়নি। বরং পেয়েছেন অনেক কিছুই।
তাঁর জয় দেখতে ফুটবলের বাইরের অনেকে ছিলেন উদগ্রীব। সেই ভীড়ে হোটেল লবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিকদের উপস্থিতি নজর কেড়েছে সবার। ওই হোটেল লবিতেই পরশু সন্ধ্যায় এক কাউন্সিলরকে মারধর করার অভিযোগ আছে বাঁচাও ফুটবলের বিরুদ্ধে। অনেকে বলছিলেন, এ ঘটনার পর সালাউদ্দিনের পক্ষে জেলার অনেক ভোটার নীরবে শক্ত অবস্থান নেন। সেটিরই ফসল ঘরে তুলে সালাউদ্দিন ছোট্ট একটা প্রতিক্রিয়া দিলেন সদস্যপদে ভোট গণনার ফাঁকে, ‘এটা ফুটবল ও সত্যের জয়।’
সেই জয় ছিনিয়ে নিতে বাঁচাও ফুটবল পরিষদের প্রকাশ্য তোড়জোড় ছিল অনেক বেশি। তা অবশ্য ভোটের বাক্সে প্রভাব রাখেনি। তবে পরাজয়ের পর ‘খেলোয়াড়সুলভ’ মনোভাবই দেখিয়েছেন সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আশরাফ খান। পরাজয় মেনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। হারজিত আছেই। নির্বাচিত কর্মকর্তারা আমাকে চাইলে আমি ফুটবলের উন্নয়নে কাজ করব।’
কামরুলকে এই মঞ্চে আনা মনজুর কাদের দ্রুত হোটেল ছাড়ার আগে রাগে গজরাতে গজরাতে উচ্চারণ করেন ‘স্টুপিড’ শব্দটা। এমন ব্যালট–বিপ্লব হবে তিনি বুঝতে পারেননি। সালাউদ্দিন জবাবটা দিলেন তাঁর ক্যারিশমা দিয়ে, ব্যালটে এবং নীরবে।