কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘ফুটবল বাঁচাও’ আন্দোলন কাকে সামনে নিয়ে আসবে? কাল মিলল সেই উত্তর। তবে শীর্ষ ফুটবলে চেনা কোনো মুখ নন, কাল নরসিংদী-২ আসনের স্বতন্ত্র সাংসদ কামরুল আশরাফ খানকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এই পক্ষ। সভাপতি পদে তাঁর জন্য মনোনয়নপত্রও কেনা হয়েছে। একই পদে মনোনয়নপত্র কিনেছেন টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলামও।
সাংসদ কামরুল আশরাফ নরসিংদী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতিও তিনি। সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত অনেক দিন ধরে। তবে কামরুল আশরাফ সম্পর্কে ঢাকার ফুটবল সংগঠকদের কোনো ধারণা নেই। কাল তাঁর মনোনয়নপত্র কেনার খবরে শুরু হয়ে যায় খোঁজখবর নেওয়া। মুহূর্তেই তা হয়ে ওঠে ‘টক অব দ্য ফুটবল’।
‘ফুটবল বাঁচাও’ আন্দোলনের অন্যতম মুখ সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর আশা, কামরুল আশরাফ বাফুফের সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলের উন্নয়ন হবে। কিন্তু অনেকের মুখেই ঘুরে ফিরছে একটা প্রশ্ন—শীর্ষ ফুটবলের চেনা মুখের বাইরে অন্য কেউ কেন? চুন্নুর উত্তর, ‘চেনা মুখ তো অনেক দেখলাম। সালাউদ্দিন ভাইয়ের চেয়ে চেনা মুখ কি আর ফুটবলে আছে? তিনিই তো ব্যর্থ।’ এরপর যোগ করেন, ‘আর চেনা মুখ দিয়ে হবে না। এ জন্যই আমরা এই সাংসদকে নিয়ে এসেছি।’ চুন্নুর কাছে জানা গেল, তিনি শেখ জামাল ও মোহামেডান ক্লাবের সদস্য।
শেখ জামালের সভাপতি মনজুর কাদেরের অফিসে বসে কামরুল ইসলামও বললেন, তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হলে ফুটবলের জন্য সেটি হবে ইতিবাচক। দিলেন নানা প্রতিশ্রুতিও, ‘আমি বাফুফের সভাপতি নির্বাচিত হলে ফুটবলের ব্যাপক উন্নতি করব।’ তারপর জানালেন তাঁর নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ, ‘সালাউদ্দিন ভাই অনেক বড় ফুটবলার। কিন্তু তিনি ফুটবলের উন্নয়ন করতে পারেননি। আশা করছি, আমি তা করতে পারব।’
তবে সভাপতি প্রার্থী নিয়ে মনজুর কাদেরের নেতৃত্বাধীন ‘ফুটবল বাঁচাও’ আন্দোলনে ফাটল ধরেছে। এই আন্দোলনের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর কথায় সেটাই বেরিয়ে এল, ‘এসব প্রক্রিয়ার সঙ্গে আমি নেই। আমি চেয়েছি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কেউ সভাপতি প্রার্থী হোক। সেটা না হলে তো সালাউদ্দিনই ভালো। আমি প্রয়োজনে তাকেই সমর্থন করব। অন্তত সে মাঠে খেলাটা রেখেছে, এটাই বা কজন পারে।’
সভাপতি পদে আরেক সম্ভাব্য প্রার্থী গোলাম রাব্বানী হেলালও তীব্র সমালোচনা করলেন ফুটবল বাঁচাও আন্দোলনের। ক্ষোভে ফেটে পড়লেন, ‘ফুটবলের চেনা কাউকে সভাপতি প্রার্থী করলে ঠিক আছে। সেটা যে কেউ হতে পারেন। কিন্তু চেনা মুখ নন এমন কাউকে প্রার্থী করা ভালো লক্ষণ নয়। এর নিন্দা জানাই। এটা ফুটবল বাঁচাও নয়, ফুটবল মারার আন্দোলন।’
সভাপতি পদে আজ মনোনয়নপত্র কিনবেন সালাউদ্দিন। হেলালও কিনবেন আজ। অন্য সব পদেও মূলত আজই মনোনয়নপত্র কিনবেন প্রার্থীরা। গতকাল সভাপতি পদের দুটিসহ মোট সাতটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান কমিটির সহসভাপতি তাবিথ আউয়াল। সালাউদ্দিনের ঘনিষ্ঠ হয়েও নানা কারণে তাঁর পরিষদে নেই তিনি। তাবিথ অবশ্য তাতে সমস্যা দেখেন না, ‘গতবারও আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছি। এবারও আশা করি সেটা ধরে রাখতে পারব।’