সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী কে?
সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনো কোনো নাম চূড়ান্ত করতে পারেনি তাঁর বিরোধী পক্ষ। গতকাল সন্ধ্যায়ও জানা গেল না বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদে ওই পক্ষের প্রার্থী কে!
তবে আজ মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন থেকে ছবিটা পরিষ্কার হতে থাকবে। কয়েকটি নাম বাতাসে ভাসছে। যদিও এই পক্ষের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠজনেরা বলছেন, সরকারের উচ্চ মহলের আশীর্বাদ নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ আসলে সভাপতি পদে সালাউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হতে সম্মত নন। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ‘বাঁচাও ফুটবল’ আন্দোলনের সামনের সারির সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলছিলেন, ‘আমি যত দূর জানি, এখনো কিছুই ঠিক হয়নি।’ ফেডারেশনের বাইরে থাকা খেলোয়াড়-সংগঠকেরা গতকাল পর্যন্ত অন্য সব পদেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বলে জানা গেছে। অনেক আগেই সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন শুধু সাবেক ফুটবলার গোলাম রব্বানি হেলাল।
ওদিকে সালাউদ্দিনকে সভাপতি প্রার্থী রেখে পরিষদ সাজাচ্ছেন তাঁরই সতীর্থ হারুনুর রশিদ, বাদল রায়রা। চার বছর ধরে যে কমিটি নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন, সেই কমিটি এবার ঐক্যবদ্ধভাবে একটি পরিষদ দেবে। তবে পদের চেয়ে প্রার্থী বেশি হওয়ায় পরিষদ সাজাতে হিমশিম খাচ্ছেন এই পক্ষের নীতিনির্ধারকেরা।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে এবারও প্রার্থী হতে চান সালাম মুর্শেদী। তবে এবার এই পদে প্রার্থী হওয়ার ইচ্ছে কাজী নাবিল আহমেদেরও। সহসভাপতি পদে এবার আর প্রার্থী হতে পারছেন না ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তাঁর জায়গায় চারটি সহসভাপতি পদের একটিতে ব্রাদার্সের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিকে প্রার্থী করার কথা চলছে। সহসভাপতি পদে সালাউদ্দিনের পরিষদ থেকে প্রার্থী হতে চান বর্তমান কমিটির সদস্য সাংসদ শামসুল হক চৌধুরী।
১৫টি সদস্য পদে গতবারের বিজয়ী ব্যক্তিদের মধ্যে এবার আর নেই প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চু। সেই শূন্য পদে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া আরও দু-একটি পরিবর্তন হতে পারে সদস্য পদে।