সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ৩ জন

জাতীয় দলের পারফরম্যান্স খারাপ। ঘরোয়া ফুটবল দর্শক টানতে পারছে না। তবে খেলার মাঠ শূন্য থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী মাঠটা সরগরম। ৩০ এপ্রিলের ওই নির্বাচন ঘিরে সাবেক ফুটবলার ও সংগঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে।
নির্বাচনের মাঠে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একপক্ষ, অন্য পক্ষে আছেন সালাউদ্দিন-বিরোধীরা। সালাউদ্দিন নির্বাচন করছেন বাফুফেতে গত চার বছর মেয়াদকালে তাঁর সতীর্থদের নিয়ে। অন্যদিকে একসময় সালাউদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডানের ডাইরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়াসহ কয়েকজনের মিলিত একটি পরিষদ।
আজ মনোয়নপত্র বিক্রির শেষ দিনে নির্বাচনের একটা চিত্র মোটামুটি পরিষ্কার হয়েছে। দলে দলে প্রার্থী বা তাঁদের প্রতিনিধি বাফুফে ভবনে এসে মনোনয়নপত্র কিনেছেন। সব ছাপিয়ে কৌতূহল বেশি সভাপতি প্রার্থী নিয়েই। এই পদে চারটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। চেনা মুখ নন এমন দুজন মনোনয়নপত্র কিনেছেন।
নরংসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খান ও টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলাম সভাপতি পদে প্রার্থী হতে চান। আজ সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন কাজী সালাউদ্দিন ও আরেক সাবেক ফুটবলার গোলাম রব্বানী হেলাল, গত নির্বাচনে যিনি জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচন করে হেরেছেন সালাম মুর্শেদীর কাছে। তাঁকে নিয়ে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী চারজন। তবে হেলাল চান সব প্রার্থী হোক ফুটবল অঙ্গনের। যে কারণে ‘ফুটবল বাঁচাও আন্দোলনের’ সমালোচনা করেছেন আজও। মনোয়নপত্র কিনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বললেন, ‘ফুটবল অঙ্গনেরই একজনের সভাপতি হওয়া উচিত। বাইরের কাউকে নিয়ে আসা ঠিক হচ্ছে না ফুটবলের জন্য।’
সালাউদ্দিন গত আট বছরে আটজন ফুটবলারও তৈরি করতে পারেননি। এই দাবি করে হেলালের কথা, ‘অনেক প্রত্যাশা থাকলেও সালাউদ্দিন ভাই তা পূরণ করতে পারেননি।’ তবে সংবাদ সম্মেলনে কথা বলার আগে হেলাল সালাউদ্দিনের কক্ষে গিয়ে সৌজন্য বিনিময় করেছেন তাঁর সঙ্গে, তাতে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। অন্যতম সভাপতি প্রার্থী নুরুল ইসলামের চোখে বিষয়টি ইতিবাচক, ‘নির্বাচনী পরিবেশটা দেখে ভালো লাগছে।’
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানানো ছাড়া আর কোনো কথা বলেননি সালাউদ্দিন, সভাপতি পদে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘এটা গণতান্ত্রিক দেশ, যে কেউ নির্বাচন করতে পারেন। তাই সভাপতি পদে যাঁরা নির্বাচন করতে এসেছেন, সবাইকে স্বাগত জানাই।’
‘গণতান্ত্রিক দেশ’ বলেই প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। আর এই চাপটা বেশি সালাউদ্দিনের পরিষদে। যেখানে শেষ মুহূর্তের হিসেব-নিকেশে বাদ পড়ে গেছেন কয়েকজন, আবার ঢুকে পড়েছেন নতুন কেউ। তবে সালাউদ্দিনের পরিষদ মোটামুটি চূড়ান্ত, জ্যেষ্ঠ সহসভাপতি পদে সালাম মুর্শেদীই প্রার্থী। চার সহসভাপতি পদে দুজন সাংসদ শামসুল হক চৌধুরী ও কাজী নাবিল আহমেদ। আছেন বাদল রায় ও ব্রাদার্সের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি।
এই পরিষদের সদস্য পদপ্রার্থী : (ঢাকা) হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, ফজলুর রহমান বাবুল, আমিরুল ইসলাম বাবু, ইলিয়াস হোসেন, সালেহ জামান সেলিম, মাহফুজা আক্তার কিরণ। (ফোরাম মনোনীত ঢাকার বাইরের) আবদুর রহিম, আজমল আহমেদ তপন, আলমগীর হোসেন আলো, মহিউদ্দিন সেলিম, তৌফিকুল ইসলাম তোফা, আরিফ হোসেন মুন, অমিত খান শুভ্র।
‘ফুটবল বাঁচাও আন্দালনের’ প্রার্থী : জ্যেষ্ঠ সহসভাপতি পদে মনজুর কাদের। চার সহসভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, লোকমান হোসেন ভূঁইয়া ও নজিব আহমেদ। সদস্য পদে ঢাকার সম্ভাব্য প্রর্থী নওশেরুজ্জামান, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, আবু হোসেন প্রিন্স, কামরুন নাহার ডানা। বাকি প্রার্থীদের নাম আজ বিকেল পর্যন্ত জানাতে পারেননি ওই পরিষদের কর্মকর্তারা।