সালাউদ্দিনের সাফল্য-ব্যর্থতা
বাফুফে সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদ
যা করতে চেয়েছিলেন
প্রথম মেয়াদে মাঠে নিয়মিত খেলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা পেরেছেনও। দ্বিতীয় মেয়াদে বলেছিলেন, ঢাকার বাইরের ফুটবল চাঙা করবেন এবং জাতীয় দলের সাফল্য আনতে সব ব্যবস্থাই নেবেন।
জাতীয় দলকে এশিয়ার সেরা ২০-এ আনা।
ভিশন ২০২২ ঘোষণা। কাতার বিশ্বকাপে নিয়ে যেতে চেয়েছেন বাংলাদেশ দলকে।
আন্তর্জাতিক টুর্নামেন্ট (বঙ্গবন্ধু গোল্ডকাপ) আয়োজন।
বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা ফুটবল একাডেমি প্রতিষ্ঠা।
যা করতে পেরেছেন
প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছেন। বাফুফের আয়োজনে দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপ হয়েছে।
ঢাকার বাইরে ফুটবলটা চাঙা করার চেষ্টা ছিল। কিছু খেলাও হয়েছে। তবে নজরদারি না থাকায় অনেক জেলায় নামমাত্র লিগ হয়েছে। এমনও দেখা গেছে, তিন-চার দিনেই লিগ শেষ! ডিএফএগুলোও পেয়েছে কিছু আর্থিক অনুদান।
কিছু ত্রুটিবিচ্যুতি থাকলেও মোটা দাগে ঢাকার সব স্তরের লিগগুলো নিয়মিত হয়েছে। বিশেষ করে খেলোয়াড় তৈরির সূতিকাগার পাইওনিয়ার লিগ গত চার বছর নিয়মিতই মাঠে গড়িয়েছে।
একাডেমি একটা করতে পেরেছেন। যদিও কয়েক মাস পরই সেটি মুখ থুবড়ে পড়েছে।
প্রতিশ্রুতিতে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে অনেকটাই এগিয়ে গেছেন। বাংলাদেশের ফুটবলে এটা হবে নতুন সংযোজন।
বিদেশি পেশাদার কোচ এনে এবং ম্যাচ খেলার সুযোগ বাড়িয়ে জাতীয় দলের পারফরম্যান্সে উন্নতি আনার চেষ্টা করেছেন।
ব্যর্থতা
সুনির্দিষ্ট ও সঠিক রূপরেখা তৈরি করতে না পারায় ভিশন ২০২২ শুধু কথার কথাতেই পরিণত হয়েছে।
অনেক কোচ পাল্টেও জাতীয় দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। সাফে শোচনীয়ভাবে ব্যর্থতার ধারা অব্যাহত। তবে সিনিয়ররা না পারলেও অনূর্ধ্ব-১৬ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে।
শেখ জামালকে প্রশ্রয় দিয়েছেন।
থমকে গেছে স্কুল ফুটবল। লিগ কমিটির ব্যর্থতায় ও ক্লাবের চাপে ঘরোয়া ফুটবলের সূচি ঠিক রাখতে পারেননি। প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে ছড়ানো যায়নি। গত চার বছরে উল্টো আরও বেশি ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। এর দায় ক্লাবগুলোরও, যারা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া এক পা-ও নড়তে চায় না।
তৃতীয় মেয়াদে নির্বাচিত হলে যা করতে চান
প্রতিটি জেলা লিগকে স্পনসর এনে দেওয়া।
চলমান আয়োজনগুলোর ধারাবাহিকতা রাখা।
ঢাকার বাইরে সব জেলায় লিগ আয়োজন।
একাডেমিকে বেসরকারি খাতে দিয়ে খেলোয়াড় তৈরি।
প্রতিবছর ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন।