সালাহ ফাইনালে, তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রোমা

মোহাম্মদ সালাহর জীবনটা এক মৌসুমেই একদম পাল্টে গেছে। সম্ভাবনাময় এক উইঙ্গার থেকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারে পরিণত হয়েছেন এক বছরেই। এএস রোমা থেকে লিভারপুলে এসে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। তবে নতুন ক্লাবে এলেও রোমার প্রতি সালাহর ভালোবাসা কমেনি। রোমাও এখনো ভোলেনি তাদের ‘ঘরের ছেলে’কে।
চার বছর আগে প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন চেলসির জার্সিতে। সেখানে খাপ খাওয়াতে না পেরে ইতালিয়ান লিগে গিয়েছেন সালাহ। রোমার জার্সিতেই বিকশিত হয়েছেন পরিপূর্ণভাবে। দুই মৌসুম রোমার খয়েরি জার্সিতে আবারও নিজেকে মেলে ধরেছেন সালাহ। ২ মৌসুম খেলে গোল করেছেন ৪১টি। এতে তাঁকে দলে টানতে আগ্রহী হয়েছে লিভারপুল। নতুন ক্লাবে এসে মৌসুম শেষ হওয়ার আগেই ৪২ গোল সালাহর।
চ্যাম্পিয়নস লিগের ড্রতে সেমিফাইনালে রোমা-লিভারপুল মুখোমুখি হওয়া নিশ্চিত হওয়ার পরই একটি টুইটে রোমার প্রতি ভালোবাসা জানিয়েছিল রোমা। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরও সে ভালোবাসায় কমতি আসেনি। ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পরও সালাহকে শুভেচ্ছা জানাতে ভোলেনি রোমা। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ‘এএস রোমার কিয়েভের যাওয়ার অসাধারণ স্বপ্নটা শেষ হয়ে গেছে। ব্যাপারটা ভয়ংকর কষ্টদায়ক। কিন্তু তুমি তোমার নতুন জার্সিতে থাকবে সেখানে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য শুভ কামনা, মোহাম্মদ সালাহ।’
সালাহও রোমাকে ভুলে যাননি। লিভারপুলের মাঠে হওয়া প্রথম লেগে দুবার গোল করেও উদ্যাপন করেননি। গতকালও রোমা সমর্থকদের প্রতি নিজের ধন্যবাদ জানিয়েছেন সালাহ।