সালাহ-মানে হতে পারবেন 'ক্যাপ্টেন আমেরিকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকে জিতিয়েছেন পুলিসিচ। ছবি: টুইটার
ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকে জিতিয়েছেন পুলিসিচ। ছবি: টুইটার
>

ম্যানচেস্টার সিটিকে সেদিন হারিয়েছে চেলসি। গোল করেছেন দলটির আমেরিকান উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ। তরুণ তারকার আগুনে ফর্ম আশাবাদী করে তুলেছে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে

প্রথমার্ধের খেলা চলে তখন।

কেভিন ডে ব্রুইনিয়ার এক বিপজ্জনক ফ্রি-কিক ক্লিয়ার করে দূরে পাঠিয়ে দিলেন চেলসি ডিফেন্ডাররা। সে বলটা আয়ত্বে এনে নতুন করে আক্রমণ গড়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন সিটির দুই তারকা বেঞ্জামিন মেন্ডি ও ইলকায় গুন্দোগান। পিছে ওঁত পেতে থাকা চেলসি উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ ছোঁ মেরে কেড়ে নিলেন বল। গতি আর নিয়ন্ত্রণের অসামান্য উদাহরণ সৃষ্টি করে ডান পায়ের শটে বল জালে জড়ালেন।

করোনার কারণে থেমে যাওয়া ইংলিশ লিগ আবারও শুরু হয়েছে। তিরিশ বছর পর নিজেদের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ওদিকে চেলসি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে। আর সে লক্ষ্যে পুলিসিচ রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লিগ আবারও শুরু হওয়ার পর এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি। সব মিলিয়ে মৌসুমে সাত গোল হয়ে গেল তাঁর।

খেলছেনও দুর্দান্ত। সব মিলিয়ে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আশাবাদী হয়ে উঠেছেন, পুলিসিচের মধ্যেই লিভারপুলের সাদিও মানে, মোহাম্মদ সালাহ কিংবা সিটির রহিম স্টার্লিংকে খুঁজে পাবে চেলসি, 'আমার মনে হয় ও আরও ভালো খেলোয়াড় হতে পারবে। কারণ ও অনেক কম বয়সে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছে, এরপর আমাদের ক্লাবে এসেছে। ওর বয়স যে অনেক কম, এটা আমাদের মনে রাখতে হবে। ওর মান নিয়ে কোনোই সন্দেহ নেই আমাদের, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। প্রতি মূহুর্তে উন্নতি করতে চায় ও। এখন আরও বেশি ক্ষুধার্ত কেননা চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেনি। ফর্মে থাকলে ও নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারবে, যে উচ্চতায় এর মধ্যেই সালাহ, মানে কিংবা স্টার্লিংরা নিজেদের নিয়ে গেছে।'

সব প্রতিযোগিতা মিলিয়ে এর মধ্যে এই মৌসুমে যৌথভাবে চেলসির সর্বোচ্চ গোলদাতা পুলিসিচ।

সমর্থকেরা তো এমনি এমনি আদর করে তাঁকে 'ক্যাপ্টেন আমেরিকা' ডাকেন না!