সালাহতে দারুণ শুরু লিভারপুলের

দারুণ শুরু সালাহরছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার মৌসুমেই লিভারপুলের মূল গোল ভরসা মোহামেদ সালাহ। নতুন মৌসুমেও যে তাঁর ওপর ভরসা রাখতে পারবেন ইয়ুর্গেন ক্লপ সেটা প্রথম দিনেই জানিয়ে দিলেন মিসরীয় ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নরউইচকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন গোলেই নাম জড়িয়ে আছে গত চার মৌসুম ধরে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতার।

জোতা এনে দিয়েছেন প্রথম গোল
ছবি: রয়টার্স

আবার প্রিমিয়ার লিগে উঠে আসা নরউইচকে পাত্তা দেয়নি লিভারপুল। ম্যাচের আগেই দলটির রাইটব্যাক আলেক্সান্ডার আরনল্ড বলেছিলেন, প্রিমিয়ার লিগের শিরোপাটা ম্যানচেস্টার সিটির কাছে , এটা মানতে পারছেন না। নিজের কাছে পেতে চান এমন কিছু অন্যের হাতে দেখতে চান না বলে হুংকার দিয়েছেন। এমন হুংকার দিলে মাঠে সেটা প্রমাণের দায় থাকে, প্রথম দিন অন্তত সে দায় পূরণ করেছে ২০১৯/২০ মৌসুমের লিগজয়ীরা।

প্রথমার্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা করেছিল নরউইচ। কিন্তু প্রথমার্ধের মাঝপথেই ধাক্কা খেয়েছে তারা। আরনল্ডের দারুণ এক পাস ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি সালাহ। কিন্তু লিভারপুলের ভাগ্য ভালো সে বল পেয়ে যান ডিয়েগো জোতা। পর্তুগিজ উইঙ্গার বশ সহজেই বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধে এরপর কোনো বর ধরনের ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

ফিরমিনো নেমেই পেয়েছেন গোল
ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধে নরউইচ ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়েছে। ৬৩ মিনিটে সিমিকাসের শট ঠেকিয়ে দেন নরউইচ গোলকিপার। কিন্তু এক মিনিট পর আর পারেননি। সালাহর পাস থেকে এবার গোল করার পালা ফিরমিনোর। প্রতি আক্রমণে ওঠা লিভারপুলের হয়ে প্রথমে শত নিয়েছিলেন মানে। সেটা ঠেকিয়ে দিলেও বল যায় সালাহর কাছে। সালাহ বলটা পাঠিয়ে দেন ফিরমিনোর কাছে। ফিরমিনো মাথা ঠান্ডা রেখে বাকি কাজটা সেরেছেন।

জয়ে শুরু লিভারপুলের
ছবি: রয়টার্স

দুই সতীর্থকে গোল বানিয়ে দেওয়া সালাহ এর পর নিজে গোল করায় মন দিয়েছেন। ৭৪ মিনিটে সেটা এসেও গেল। কর্নার থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন নরউইচের গিবসন। বক্সের ওপর দাঁড়ান সালাহর কাছে বল চলে যায়। একটু সময় নিয়ে নিয়ন্ত্রণ করে বাঁকানো এক শট নিলেন সালাহ। তাতেই এবারের মৌসুমের প্রথম গোল পেয়ে গেলেন সালাহ।

এ গোলের পরও দুই দল গোলের চেষ্টা চালিয়েছে। কাছাকাছি গিয়েছিল নরউইচই। ৮৭ মিনিটে অবিশ্বাস্যভাবে লিভারপুলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন আলিসন। ৬ গজ দূর থেকেও গোল করতে পারেনি স্বাগতিক দল!