সালাহর বাঁ পায়ের খেল, রোনালদো আবার 'পারফেক্ট'
• বাঁ পায়ে মেসির মতোই পারদর্শী লিভারপুলের মোহাম্মদ সালাহ।
• এই মৌসুমে ৩৫ ম্যাচে করেছেন ২৯ গোল।
• স্বপ্নের মতো একটা মৌসুম কাটছে এই মিসরীয় ফুটবলারের।

এ আর এমন কী! এ তো বাঁ হাতের খেল! ওহো, ফুটবলে তো আবার গোল করার কাজটাকে বাঁ হাতের খেল বলার অধিকার ডিয়েগো ম্যারাডোনা অথবা থিয়েরি অঁরির। তবে যদি বাঁ পায়ের খেল বলা হয়? সবার আগে এখন লিওনেল মেসির নাম আসে। যদিও এদিক দিয়ে মেসিকে ঈর্ষায় ফেলে দিচ্ছেন মোহাম্মদ সালাহ।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত মিসরের এই ফুটবলার। সালাহর নিজের ক্যারিয়ারেও কখনো এত উজ্জ্বল সময় আসেনি। রোমা থেকে লিভারপুলে আসা এই ফরোয়ার্ড এই মৌসুমে ৩৫ ম্যাচে করেছেন ২৯ গোল। এর মধ্যে কেবল লিগেই ২৬ ম্যাচে ২২ গোল।
লিগে অনেকটা পথ এখনো বাকি। তবে এরই মধ্যে একটা রেকর্ড সালাহ ভেঙে দিতে চলেছেন। এক মৌসুমে বাঁ পায়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা রবি ফ্লাওয়ারের। এবার ২২ গোলের ১৯টি বাঁ পায়ে করে ২৩ বছর পুরোনো সেই রেকর্ডটা ছুঁলেন সালাহ। আর একটা গোল হলে রেকর্ডটাও হয়ে যাবে তাঁর একার।

বাঁ পায়ের ফুটবলাররা একটু বেশি সৃষ্টিশীল হন কি না, এমন একটা কথা চালু আছে ফুটবলে। যদিও আরেক অংশের কাছে এই ধরনের কথাবার্তা একদমই ভালো লাগার কথা নয়। ক্রিস্টিয়ানো রোনালদো যেমন বলতে পারেন, আমি বাঁ পায়ে গোল করতে পারি। ডান পায়েও পারি। গোল করি হেড থেকেও।
সত্যি বলতে কি, এই মৌসুমে গত ম্যাচে রোনালদোকে দেখা গেল একেবারে আসল চেহারায়। রোনালদোর তিনটা গোল এসেছে তিনভাবে। দুই পায়ে দুটি, অন্যটি হেডে। যাকে বলা হয় পারফেক্ট হ্যাটট্রিক। ফুটবলে পারফেক্ট হ্যাটট্রিক তো রোজ হয় না।
এই মৌসুমে স্প্যানিশ লিগে এটাই কোনো খেলোয়াড়ের প্রথম ‘পারফেক্ট হ্যাটট্রিক’।
আর উজ্জ্বল রোনালদোর পরদিন বার্সা ছিল ম্লান। গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে একটিও শট নিতে পারেনি। নিজেদের মাঠে খেলে অন টার্গেট শট নেই—এমন ঘটনা বার্সার জন্য বিরল। সর্বশেষ ছয় বছর আগে এমনটা হয়েছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে।