সালাহর লিভারপুল নাকি জেকোর রোমা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময়ের দুই সতীর্থের ওপরই নির্ভর করছে ফাইনালে যাচ্ছে কোন দল। ফাইল ছবি
একসময়ের দুই সতীর্থের ওপরই নির্ভর করছে ফাইনালে যাচ্ছে কোন দল। ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ড্রয়ে রিয়াল মাদ্রিদের নামটি উঠতেই টুইটে ঝড় শুরু হয়েছে। একটি ঝড় (টুইটের ভাষায় ট্রেন্ড) অবশ্যই ‘ইউরোপিয়ান ক্লাসিকো’। অন্য ট্রেন্ডটি মোহাম্মদ সালাহকে নিয়ে। কারণ, রিয়াল-বায়ার্ন মুখোমুখি হওয়া মানেই তো অন্য ম্যাচে দেখা হচ্ছে লিভারপুল ও এএস রোমার। অন্য ভাষায় মোহাম্মদ সালাহর ম্যাচ!

এ মৌসুমেই লিভারপুলে যোগ দিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। দুর্দান্ত ফর্মে থাকা সালাহ এর মাঝেই রেকর্ড তিনবার প্রিমিয়ার লিগের মাসের সেরা খেলোয়াড় হয়েছেন। লিভারপুল সমর্থকদের মাঝে এখন চলছে ‘সালাহ ম্যানিয়া’। কিন্তু তাঁকে নিয়ে রোমারও গর্বের শেষ নেই। হাজার হলেও এর আগে প্রিমিয়ার লিগে ব্যর্থ সালাহকে এ উচ্চতায় তুলে আনার পেছনে ইতালিয়ান দলটিরই সবচেয়ে বেশি অবদান। তাই ড্রয়ের সঙ্গে সঙ্গে সালাহর একটি হ্যালো বলার এক সেকেন্ডের একটি ভিডিও (জিআইএফ) দিয়ে টুইট করেছে রোমা, ‘১৮০ মিনিটের জন্য আমরা প্রতিপক্ষ। কিন্তু যা-ই ঘটুক না কেন আজীবন বন্ধুত্ব থাকবে আমাদের। মো সালাহ, তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায়।’

যে সালাহর অপেক্ষায় তারা, সেই সালাহর দুর্দান্ত ফর্মই রোমার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে (নতুন নামকরণের পর) খেলার পথে মূল বাধা। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন, এর মধ্যেই করেছেন ২৯ গোল। মৌসুম শেষ হতে এখনো বাকি আছে। আর রোমার হয়ে দুই মৌসুম মিলিয়েই লিগে ২৯ গোল ছিল সালাহর। চ্যাম্পিয়নস লিগেও প্লে-অফ মিলিয়ে ৯ গোল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও গোল করেছেন। সে গোলই আসলে সিটির সব স্বপ্ন শেষ করে দিয়েছে।

ইতিহাসও রোমার বিপক্ষে। লিভারপুলের বিপক্ষে পাঁচবার খেলেছে রোমা। দুবার লিভারপুল জিতেছে, রোমা মাত্র একবার। অন্য দুই ম্যাচ ড্র হয়েছে। ১৯৮৪ ইউরোপিয়ান কাপের ফাইনালে এই লিভারপুলের কাছেই পেনাল্টি শুট আউটে হেরেছিল রোমা। ইংলিশ দলগুলোর বিপক্ষে সর্বশেষ দুই লেগের ছয়টি নকআউট ম্যাচেই হেরেছে রোমা। ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে লিভারপুলের আবার উল্টো অবস্থা, চার জয়ের বিপরীতে দুই হার।

ইতিহাস এ রোমাকে একদমই সাহস দিচ্ছে না, তা নয়। লিভারপুল সেমিফাইনালে এর আগে মাত্র একবারই ইতালিয়ান ক্লাবের বিপক্ষে খেলেছে। ১৯৬৪-৬৫ মৌসুমে ঘরের মাঠে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে দিলেও পরের লেগে ৩-০ ব্যবধানের হারে হতাশায় ডুবতে হয়েছিল লিভারপুলকে। এবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে তো প্রায় একইভাবে হারিয়েছে রোমা। তবে লিভারপুল কেন নয়?