‘এই যে এত বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছ, ভয় লাগছে না?’
ভয় শব্দটা শেষ পর্যন্ত উচ্চারণ করল কৃষ্ণা রানী সরকার। ‘হ্যাঁ, একটু তো ভয় আছেই’ বলে থামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক। কোন দলকে বেশি ভয়? বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে এবার টাঙ্গাইলের মেয়ের উত্তর, ‘উত্তর কোরিয়া।’
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে উত্তর কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন। ১১ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ দল আজই সকালে থাইল্যান্ড রওনা হচ্ছে। এই যাওয়া অন্য দশটা সফরের চেয়ে পুরোপুরি আলাদা। কারণ এশিয়ার সেরা আট দল খেলছে এই টুর্নামেন্টে। বাংলাদেশের তিন গ্রুপ প্রতিপক্ষই নারী ফুটবলে পরাশক্তি। জাপানের জাতীয় দল বিশ্বকাপ রানার্সআপ। অস্ট্রেলিয়াও ওপরের দিকের দল।
এই দলগুলোর সামনে দাঁড়াতে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভালো প্রস্তুতি। সেটা বাংলাদেশ দল নিতে পেরেছে। গত বছর এই সময়ে ঢাকায় অপরাজিত থেকে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর টানা এক বছর নিবিড় অনুশীলন। বাংলাদেশের কোনো পর্যায়ে ফুটবলেই এত লম্বা সময় অনুশীলন হয়নি আগে। তার ওপর দুবার জাপান, একবার করে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও চীন গিয়ে ২০-২২টি অনুশীলন ম্যাচ খেলা তো বিশাল ব্যাপার। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মেয়েদের এই দলটাকে যেভাবে তৈরি করা হয়েছে, প্রস্তুতি-ঘাটতির কোনো অজুহাতই দেওয়া যাবে না।
তবে থাইল্যান্ডে ফল যা-ই হোক, এক বছর আগে চূড়ান্ত পর্বে উঠেই বাংলাদেশের লক্ষ্য অর্জন হয়ে গেছে—বলছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি। এখন বড় দলগুলোর সঙ্গে কোচ গোলাম রব্বানী চান সাহস নিয়ে খেলতে, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ব। ইতিবাচক থাকব। প্রতিপক্ষ অনেক কঠিন জানি। তবে ৯০ মিনিট লড়াই করব।’
এক বছরের টানা প্রস্তুতিতে মেয়েদের অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন কোচ। অধিনায়ক কৃষ্ণার মুখেও উন্নতির কথা। বুকে সাহস রেখে ভালো খেলার অঙ্গীকার তার। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিশ্বাস, ভালো খেলার সামর্থ্য আছে এই দলের। এক বছর টানা অনুশীলন আর ‘কঠোর পরিশ্রম’ই এই বিশ্বাসের ভিত্তি।
এই টুর্নামেন্টে সেরা তিনে থাকতে পারলে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। তবে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়ায় কাজটা খুব কঠিন। সেই কঠিনেরে ভালোবেসে যতটা সম্ভব ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরতে চায় বাংলাদেশ। পাশে আছে ওয়ালটনসহ আরও একটি স্পনসর প্রতিষ্ঠান।